চলতি সপ্তাহেই তাইপেতে শুরু হবে কম্পিউটেক্স সম্মেলন ২০২৪। এতে নতুন হ্যান্ডহেল্ড গেমিং কনসোল উন্মোচনের অপেক্ষায় রয়েছে জোটাক। তবে ডিভাইস বাজারে আসার আগেই এর তথ্য ফাঁস হয়ে গেছে। খবর গিজমোচায়না।

প্রযুক্তিবিদদের মতে, জোটাকের নতুন ডিভাইস বাজারে এলে এটি আসুসের আরজি বা রগ অ্যালাই এক্সসহ অন্যান্য ডিভাইসের সঙ্গে প্রতিযোগিতা করবে। ভিডিওকার্ডজ নামের একটি ওয়েবসাইটে তথ্য ফাঁস হয়েছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জোটাকের নতুন কনসোলে এএমডির রাইজেন সেভেন ৮৮৪০ইউ প্রসেসর এবং র‍্যাডিওন ৭৮০এম কোর গ্রাফিকস ব্যবহার করা হতে পারে। ডিভাইসটিতে ১৬ গিগাবাইট এলপিডিডিআরফাইভেএক্স র‍্যাম ও ৫১২ গিগাবাইট পিসিআইই জেনফোরইনটুফোর সলিডে স্ট্রেট ড্রাইভ (এসএসডি) থাকবে।

জোটাক জোন গেমিং হ্যান্ডহেল্ডে ৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে প্যানেল থাকতে পারে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও রেজল্যুশন ১০৮০ পিক্সেল। এর সর্বোচ্চ উজ্জ্বলতা ৮০০ নিটস এবং এইচডিআর সাপোর্ট থাকায় ডিসপ্লে থেকে উন্নত ভিজুয়াল অভিজ্ঞতা পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

ডিভাইসটিতে হল ইফেক্ট জয়স্টিক ও দুই ধরনের পরিবর্তনযোগ্য হল ট্রিগার থাকায় গেম খেলার সময় ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য ডিভাইসটিকে একটি ইউএসবি ফোর ইন্টারফেস ও একটি ইউএইচএস-টু স্পিড মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে উইন্ডোজ ১১ হোম এডিশন থাকতে পারে।