অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অপারেটিং সিস্টেমের আপডেট খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য সাম্প্রতিক বছরগুলোয় স্মার্টফোন নির্মাতারা অ্যান্ড্রয়েড আপডেটের বিষয়ে ইতিবাচক পরিবর্তন এনেছে। এবার কোয়ালকম অ্যান্ড্রয়েড আপডেট প্রক্রিয়াকে আরো সহজ করতে স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে কাজ করছে। আশা করা হচ্ছে এতে অ্যান্ড্রয়েড আপডেট দেয়া আরো সহজ হবে। খবর গিজমোচায়না। 

সম্প্রতি অ্যান্ড্রয়েড অথরিটির সঙ্গে আলাপকালে কোয়ালকমের ক্রিস প্যাট্রিক বলেন, ‘‌কোয়ালকম গুগল ও অ্যান্ড্রয়েড নির্মাতাদের সঙ্গে কাজ করছে। তারা আপডেট করার পদ্ধতিতে পরিবর্তন আনার চেষ্টা করছে। সেজন্য কোড স্ট্রাকচারও উন্নত করছে।’ 

নতুন পরিবর্তনগুলো স্মার্টফোন ব্র্যান্ডগুলোকে তাদের ডিভাইস আপ টু ডেট রাখতে সহায়তা করবে। এ বিষয়ে চলতি বছরের শেষ নাগাদ আরো বিস্তারিত ঘোষণা দেয়ার পরিকল্পনা রয়েছে কোয়ালকমের। আগামী অক্টোবরে সামিটে স্ন্যাপড্রাগন এইট জেন ফোর চিপ উন্মোচন হবে, যা গ্যালাক্সি এস টোয়েন্টিফাইভ সিরিজের মতো হাই-এন্ড অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহৃত হবে মনে করছেন প্রযুক্তি বিশারদরা।