যুক্তরাষ্ট্রে ১১ বছর বয়স থেকেই প্রায় এক-তৃতীয়াংশ শিশুর মধ্যে মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া ও ভিডিও গেমের প্রতি আসক্তির লক্ষণ দেখা যায়। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে (জেএএমএ) সম্প্রতি প্রকাশিত গবেষণায় এমনটা উঠে এসেছে। গবেষণার তথ্য বলছে, এমন শিশুরা মানসিক স্বাস্থ্য সমস্যায় বেশি ভোগে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

কয়েক বছরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শুধু দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকাই সমস্যা নয়। প্রকৃত অর্থে নেতিবাচক প্রভাব তখনই পড়ে, যখন শিশুদের মোবাইল বা গেম ব্যবহারের প্রতি প্রবল আকর্ষণ তৈরি হয়। ফলে তারা ইচ্ছা করলেও থামতে পারে না এবং এ অভ্যাস ঘুম, পড়াশোনা বা পারিবারিক সম্পর্কের ব্যাঘাত ঘটায়।

বিশেষজ্ঞদের মতে, গবেষণার এ ফলাফল ডিজিটাল প্রযুক্তির দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে চলমান বিতর্ককে আরো তীব্র করবে।

গবেষণায় আরো দেখা গেছে, যেসব শিশু মোবাইল, সোশ্যাল মিডিয়া ও ভিডিও গেমে আসক্তির প্রবণতা বেশি দেখিয়েছে, অন্যদের তুলনায় তাদের মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়ার সম্ভাবনা অন্তত দেড় গুণ বেশি ছিল।