শিল্পোৎপাদনে হিউম্যানয়েড রোবট ব্যাপকভাবে ব্যবহার হতে পাঁচ বছরের কম সময় লাগবে বলে জানিয়েছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াং। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রযুক্তি কোম্পানির বার্ষিক ডেভেলপার কনফারেন্সে তিনি এ কথা বলেন। ওই সময় হিউম্যানয়েড রোবটকে আরো সহজে চলাচল করতে সাহায্য করবে এমন সফটওয়্যার টুলস উপস্থাপন করেন হুয়াং। খবর রয়টার্স।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হুয়াংকে জিজ্ঞাসা করা হয়, ‘কোন লক্ষণ দেখে বোঝা যাবে যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সর্বত্র ছড়িয়ে পড়েছে?’
হুয়াং এর জবাবে বলেন, ‘এআইয়ের সর্বব্যাপী প্রভাব তখনই স্পষ্ট হবে, যখন হিউম্যানয়েড রোবট মানুষের চারপাশে স্বাধীনভাবে চলাফেরা করতে শুরু করবে। হিউম্যানয়েড রোবট বিপ্লব সন্নিকটে। পাঁচ বছরও নয়, বরং মাত্র কয়েক বছরের মধ্যেই আমরা এমন দৃশ্য দেখতে পাব। এটি এখন সময়ের ব্যাপার মাত্র।’
শিল্পোৎপাদন প্রথমে মানবসদৃশ রোবট ব্যবহার করবে বলে জানান সিইও জেনসেন হুয়াং। তিনি বলেন, ‘হিউম্যানয়েড রোবটের প্রথম প্রয়োগ হওয়া উচিত কারখানাগুলোয়। এর প্রধান কারণ কারখানার পরিবেশ অনেক বেশি নিয়ন্ত্রিত এবং সেখানে এর ব্যবহারের ক্ষেত্র অনেক বেশি সুনির্দিষ্ট।’










