এক্সবক্স ওয়ান ও এক্স/এস সিরিজ ব্যবহারকারীদের ১ হাজার ৩০০-এর বেশি রেট্রো গেম খেলার সুবিধা দিচ্ছে অ্যান্টস্ট্রিম আরকেড। এর মধ্যে স্পেস ইনভেডারস, মেটাল স্লাগ, বাবল বোবলসহ বিভিন্ন টাইটেল রয়েছে। খবর এনগ্যাজেট।
কোম্পানিটি জানায়, ব্যবহারকারী বা গেমাররা ক্লাউড প্লাটফর্মের মাধ্যমে সরাসরি গেমগুলো খেলতে পারবেন। এর জন্য আলাদাভাবে ডাউনলোড বা ইনস্টল করার প্রয়োজন হবে না। চলতি সপ্তাহে আরো কিছু গেম টাইটেল যুক্ত করবে কোম্পানিটি। এ কার্যক্রমের মাধ্যমে এক্সবক্সের জন্য প্রথম থার্ড পার্টি গেম স্ট্রিমিং পরিষেবা প্রতিষ্ঠান হবে অ্যান্টস্ট্রিম।
পরিষেবায় ক্লাউডনির্ভর গেম সেভের সুবিধা, অনলাইন স্কোরবোর্ডসহ বিভিন্ন ডিভাইস থেকে গেম পছন্দ করার সুযোগ মিলবে। ম্যাক, পিসি, লিনাক্স, অ্যান্ড্রয়েড টেলিভিশন, ফায়ারস্টিক ও স্যামসাং টিভিতে এরই মধ্যে অ্যান্টস্ট্রিম আরকেড চলে এসেছে। তবে প্রথমবারের মতো কোনো কনসোলে যুক্ত হলো কোম্পানিটির পরিষেবা।
অ্যান্টস্ট্রিম জানায়, কোম্পানিটি মূল গেমগুলোকে মডিফাই করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। এর মাধ্যমে কোম্পানিটি নতুন ও পুরনো গেমারদের জন্য মিনি গেম চ্যালেঞ্জ তৈরি করছে। গেমাররা বিভিন্ন গেমের টুর্নামেন্টে প্রবেশ করতে পারবে, অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে বলে সূত্রে জানা গেছে।
মাইক্রোসফটেরও নিজস্ব এক্সবক্স ক্লাউড গেমিং স্ট্রিমিং পরিষেবা রয়েছে। এটি ন্যাটিভ অ্যাপ হিসেবে অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, স্যামসাং স্মার্ট টিভি ও নির্দিষ্ট কিছু ভিআর হেডসেটে ব্যবহার করা যায়। আইওএস ও ম্যাকেও এটি ব্যবহার করা যায়, তবে সেজন্য ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হয়। এক্সবক্স ক্লাউড গেমিং মূলত নতুন গেম খেলার সুযোগ দিয়ে থাকে। অন্যদিকে অ্যান্টস্ট্রিম পুরনো দিনের গেম খেলার সুবিধা দেয়।










