দাবানল শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করেছে গ্রিস। গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস সূত্রে এ তথ্য জানা গেছে। খবর টেকটাইমস।
নিকোসিয়া, সাইপ্রাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাইপ্রিয়টের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়। এরপর মিৎসোটাকিস অগ্নিনির্বাপণ কার্যক্রমকে আরো সমন্বিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিক সুরক্ষা উদ্যোগ অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়েছেন।
ইসরায়েল, সাইপ্রাসসহ বিভিন্ন দেশ দাবানল মোকাবেলায় গ্রিসকে সহায়তার জন্য অগ্নিনির্বাপক বিমান ও ক্রু মোতায়েন করেছে। দেশটিতে দাবানলের জন্য দুই মাস ধরে বিস্তৃত বনাঞ্চল ধ্বংস হয়ে গেছে। ইইউর সবচেয়ে বড় এ দাবানলে ২০ জন প্রাণ হারিয়েছে।
দাবানল শনাক্তে ইসরায়েলের এআই প্রযুক্তির প্রাথমিক পরীক্ষক হিসেবে গ্রিসের আগ্রহের বিষয় জানিয়েছেন মিৎসোটাকিস। তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলের এআইভিত্তিক শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারে দেশটির সঙ্গে আমরা কথা বলছি।’
গ্রিসে সাম্প্রতিক দাবানলের ঘটনাকে ইইউর ইতিহাসে সবচেয়ে ভয়ানক ও বড় বলে উল্লেখ করা হয়েছে। এ সংকটাবস্থা থেকে উত্তরণের জন্য ইইউ এর অর্ধেকের বেশি অগ্নিনির্বাপণ কর্মীকে সেখানে পাঠিয়েছে। বিশেষজ্ঞরা একে পরিবেশগত বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন।










