সৌরজগতের অজানা প্রান্তে আরো একটি নতুন গ্রহ লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। সরাসরি দেখা না গেলেও দূরবর্তী মহাজাগতিক বস্তুর কক্ষপথে অস্বাভাবিক ঝোঁকের মধ্য দিয়ে এর উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। খবর সিএনএন ও এনডিটিভি।
মন্থলি নোটিসেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটিতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, নেপচুনের বাইরে কুইপার বেল্টের প্রায় ৫০টি বরফমণ্ডলীয় বস্তুর কক্ষপথ বিশ্লেষণ করে গ্রহটির উপস্থিতির ধারণা পাওয়া গেছে। কুইপার বেল্ট সৌরজগতের বাইরের দিকে অবস্থিত এমন একটি বলয়, যেখানে হাজার হাজার ছোট বরফঢাকা বস্তু রয়েছে।
গবেষণার প্রধান লেখক প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষক আমির সিরাজ বলেন, পৃথিবীর চেয়ে ছোট, কিন্তু বুধের চেয়ে বড় একটি অদৃশ্য গ্রহই হয়তো এ অস্বাভাবিক ঢালের কারণ। তিনি জানান, এটি কোনো নতুন গ্রহের আবিষ্কার নয়। বরং গ্রহের উপস্থিতিই এখানে বেশি যুক্তিসঙ্গত।
‘প্ল্যানেট ওয়াই’ ধারণা ‘প্ল্যানেট নাইন’ এর থেকে আলাদা। বিজ্ঞানীদের ধারণা, এ গ্রহ দুটি একসঙ্গে সৌরজগতে থাকতে পারে। পর্যবেক্ষণে দেখা গেছে, পৃথিবীও সূর্যের দূরত্বের ৮০ গুণ দূরে কক্ষপথের ঢাল প্রায় ১৫ ডিগ্রি, যা প্রচলিত তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যাচ্ছে না।
তবে এখনো এর অস্তিত্ব নিশ্চিত নয়। গবেষক ও বিজ্ঞানী সিরাজ বলেন, প্রমাণের পরিসংখ্যানগত দৃঢ়তা ৯৬ থেকে ৯৮ শতাংশ। তবে একে এখনই চূড়ান্ত বলা যাবে না। বিজ্ঞানীরা আশা করছেন, চিলির ভেরা সি রুবিন মানমন্দিরের পর্যবেক্ষণ শুরু হলে বিষয়টি স্পষ্ট হবে। বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরাযুক্ত ই টেলিস্কোপ প্রতি তিন দিনে একবার পুরো আকাশের ছবি তুলবে। এতে হয়তো গ্রহটি সম্পর্কিত চূড়ান্ত প্রমাণ পাওয়া যাবে।










