সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনে উত্তম বিকল্প হতে পারে গ্রাফিন। এমন গ্রাফিননির্ভর সেমিকন্ডাক্টর উন্নয়নে কাজ করছেন মার্কিন ও চীনা গবেষকরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ও তিয়ানজিন ইউনিভার্সিটির গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর গিজমোচায়না।   

বর্তমানে সেমিকন্ডাক্টর শিল্প সিলিকননির্ভর। তবে সিলিকনের তুলনায় গ্রাফিন উল্লেখযোগ্যভাবে শক্তিশালী, সাশ্রয়ী ও নমনীয়, যা সেমিকন্ডাক্টর তৈরির জন্য উপযোগী। বর্তমানে দ্রুতগতির কম্পিউটিং সক্ষমতা ও আরো ছোট ইলেকট্রনিকস পার্টস তৈরির ক্ষেত্রে সিলিকন নানান প্রতিবন্ধকতার মুখে পড়ছে। এক্ষেত্রে গ্রাফিনের ব্যবহার হতে পারে এ শিল্পে অন্যতম অগ্রগতি বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। গবেষণা প্রতিবেদনে থেকে জানা যায়, চিপ তৈরিতে সিলিকনের চেয়ে গ্রাফিন প্রায় ১০ গুণ কার্যকর। 

গবেষণা দলটির তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের মা লেইয়ের নেতৃত্বে জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে ওয়াল্টার ডি হির সঙ্গে কাজ করেছে। গবেষকরা এ প্রযুক্তির সবচেয়ে বড় বাধা ‘ব্যান্ড গ্যাপ’ সমস্যার সমাধান করেছেন। 

তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের মা লেই মনে করেন, গ্রাফিননির্ভর চিপ বিদ্যমান সেমিকন্ডাক্টর শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তবে এ প্রযুক্তি চিপ শিল্পে পুরোপুরি প্রয়োগ হতে আরো ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে।