প্রযুক্তিপ্রেমীদের জন্য গ্রীষ্মকালীন গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট একটি বিশেষ দিন। প্রতি বছর স্যামসাংয়ের নতুন পণ্য উন্মোচনের এ অনুষ্ঠান ঘিরে যেমন থাকে আগ্রহ, তেমনি থাকে নানা জল্পনা-কল্পনা। চলতি বছরও তার ব্যতিক্রম নেই। যদিও আনুষ্ঠানিকভাবে টেক জায়ান্টটি এখনো কোনো তারিখ ঘোষণা করেনি, তবে টিপস্টার ইভান ব্লাসসহ একাধিক সূত্র বলছে, আগামী ৯-১০ জুলাইয়ের মধ্যে নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের স্যামসাংয়ের আনুষ্ঠানিক আয়োজন।
ইভান ব্লাসের মতে, আসন্ন আনপ্যাকড অনুষ্ঠানে মূল আকর্ষণ থাকবে স্যামসাংয়ের ফোল্ডেবল ও ওয়্যারেবল ডিভাইস ঘিরে। প্রতিষ্ঠানটি এবার ইঙ্গিত দিয়েছে বেশকিছু নতুন সংযোজনের।
জানা গেছে, এবারের আয়োজনের মূলে থাকবে তিনটি উন্মোচন—নতুন ফোল্ডেবল স্মার্টফোন, স্মার্টঘড়ি ও এফই সিরিজের হ্যান্ডসেট।
আসছে গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ও ফ্লিপ ৭
টিপস্টারের তথ্যানুযায়ী, আসন্ন ইভেন্টে উন্মোচন হতে পারে গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৭। প্রযুক্তিসংশ্লিষ্ট একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে, এসব মডেলের কেন্দ্রবিন্দুতে থাকবে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার জেমিনি লাইভ। ফোল্ড ৬ ও ফ্লিপ ৬ মডেলের পর্যালোচনায় দেখা গেছে, এআই ফিচারগুলো প্রশংসিত হলেও এর কার্যকারিতা ছিল সীমিত। এবার এ প্রযুক্তিকে আরো উন্নত করে ব্যবহারকারীদের উপযোগী করার লক্ষ্যে এগোচ্ছে স্যামসাং।

আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, জেড ফোল্ড ৭ হবে আরো সরু আকৃতির। একই সঙ্গে এতে থাকবে গাঢ় নীল রঙের আকর্ষণীয় ফিনিশ। বাইরের ডিসপ্লে ৬.৫ ইঞ্চি ও ভেতরের স্ক্রিন ৮.২ ইঞ্চির হতে পারে। অন্যদিকে, জেড ফ্লিপ ৭ মডেলেও স্ক্রিনের আকার বড় হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, যা ভিডিও দেখা কিংবা মাল্টিটাস্কিংয়ের জন্য হতে পারে বাড়তি সুবিধা।
গ্যালাক্সি ওয়াচ ৮ নিয়ে সীমিত প্রত্যাশা
গ্যালাক্সি ওয়াচ ৮ নিয়ে খুব একটা আলোড়ন না থাকলেও পরিধানযোগ্য পণ্যের তালিকায় এবার এটি আসতে পারে। তবে এ ঘড়ি নিয়ে কম আলোচনার কারণ হলো আগের মডেল ওয়াচ ৭-এ বড় কোনো পরিবর্তন না দেখা যাওয়া। তবু এবার ব্যাটারি ব্যাকআপে বড় কোনো পরিবর্তন এলে তা ব্যবহারকারীদের আকর্ষণ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
চমক আনতে পারে গ্যালাক্সি জেড ফোল্ড আল্ট্রা
সবচেয়ে আলোচিত নতুন সংযোজন হতে পারে গ্যালাক্সি জেড ফোল্ড আল্ট্রা। নামেই বোঝা যাচ্ছে, এটি হবে উন্নতমানের একটি ডিভাইস। গত মাসে স্যামসাং একটি টিজারে এ ফোনের ইঙ্গিত দেয়। প্রতিষ্ঠানটির ভাষায়, তাদের নতুন মডেলটিতে থাকবে সর্বোচ্চ মানের হার্ডওয়্যার, সর্বাধুনিক কার্যক্ষমতা ও ফোল্ডেবল ডিভাইসের জন্য উন্নত এআই। যদিও এর নির্দিষ্ট ফিচার প্রকাশ করা হয়নি, তবে প্রযুক্তি মহলে এটি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। গুঞ্জন ছিল ডিভাইসটি বহু প্রতীক্ষিত থ্রি ফোল্ডেড (তিন ভাঁজ) ডিজাইনে আসতে পারে, তবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

নতুন চেহারায় আসছে গ্যালাক্সি এস২৫ এফই
মাঝারি বাজেটের ফ্ল্যাগশিপ ফোনের তালিকায় এবার থাকতে পারে গ্যালাক্সি এস২৫ এফই। গত বছরের এস২৪ এফই মডেলটি কার্যকর ফিচার থাকলেও উচ্চমূল্য ও দুর্বল এআই ক্ষমতার কারণে অনেকটা পিছিয়ে ছিল। গুজব রয়েছে, এবার ক্যামেরায় বড় কোনো পরিবর্তন না এলেও এক্সিনস ২৪০০ প্রসেসর ব্যবহারে ব্যাটারি ও কাজে দেখা যেতে পারে উল্লেখযোগ্য উন্নতি।
সব মিলিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এবারের ‘স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড’ হতে যাচ্ছে স্যামসাংয়ের ফোল্ডেবল যুগে নতুন মাত্রা যুক্ত করার সম্ভাব্য ইঙ্গিত। গত জানুয়ারিতেও আনপ্যাকড ইভেন্টে স্যামসাংয়ের ট্রাই-ফোল্ড ফোনের পরিকল্পনার কথা জানায় দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। তাই এবার সব প্রযুক্তিপ্রেমীদের চোখ এখন এদিকেই।
এনগ্যাজেট অবলম্বনে










