আধুনিক কনসোল ও সাবস্ক্রিপশন পরিষেবা গেম পাসের পরিধি বাড়াতে কাজ করছে মাইক্রোসফট। আর এ কারণে আগামী বছর বাজার থেকে এক্সবক্স ৩৬০ অনলাইন স্টোর ও মার্কেটপ্লেস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি কোম্পানিটি। খবর রয়টার্স।

এক্সবক্সের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টের তথ্যানুযায়ী, ২০২৪ সালের ২৯ জুলাই থেকে এক্সবক্স ৩৬০ স্টোর ও ৩৬০ মার্কেটপ্লেস সরিয়ে দেয়া হবে। এছাড়া যেসব গেমার পুরনো কনসোল ব্যবহার করছে তারা কোনো গেম কিনতে ও ডাউনলোড করতে পারবে না বলেও জানানো হয়েছে। তবে যারা এক্সবক্স ৩৬০ গেমস ক্রয় করেছে এবং কনসোলে আগের যেসব গেম প্রচলিত রয়েছে সেগুলো খেলার সুবিধা দিচ্ছে মাইক্রোসফট।

বিবৃতিতে এক্সবক্স জানায়, ২০০৫ সালে এক্সবক্স ৩৬০ চালুর পর থেকে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রযুক্তি আরো অগ্রসর হয়েছে, খেলোয়াড় বা গেমারদের আকাঙ্ক্ষার দিক পাল্টেছে। সেই সঙ্গে মাইক্রোসফটও এক্সবক্স সিরিজ এক্সএসকে বর্তমান ও ভবিষ্যতের শ্রেষ্ঠ জায়গায় পরিণত করতে কাজ করছে। ২০১৬ সালে মাইক্রোসফট এক্সবক্স ৩৬০-এর উৎপাদন বন্ধ করে দেয় এবং এক বছর পর এক্সবক্স গেম পাস চালু করে। এটি এমন একটি সাবস্ক্রিপশন পরিষেবা যেখানো কনসোল ও উইন্ডোজ প্লাটফর্ম ব্যবহার করে প্রবেশ করা যায়। সবশেষ উদ্যোগের অংশ হিসেবে পুরনো কনসোল থেকে মুভিজ ও টিভি অ্যাপও সরিয়ে দেয়া হবে বলে মাইক্রোসফট সূত্রে জানা গেছে।

সনির প্লেস্টেশন ৩-এর সঙ্গে বেস্ট সেলিং গেমিং কনসোল হিসেবে এক্সবক্স ৩৬০ ভালো প্রতিযোগিতা করে আসছে। ২০১৪ সালে কোম্পানিটি ৮ কোটি ৪০ লাখ ইউনিট এক্সবক্স ৩৬০ বিক্রি করেছে বলে জানা গেছে।