কিছুদিন আগে অনলাইন ই-কমার্স কোম্পানি অ্যামাজন জানিয়েছিল, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) রিভিউ সামারি ফিচার চালুর পরীক্ষা চালাচ্ছে। এবার অফিশিয়ালি ফিচারটি চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানিটি। খবর টেকক্রাঞ্চ।

গ্রাহককে আধুনিক সেবা নিশ্চিত করতে তারা এআই জেনারেটেড হাইলাইটস ফিচারটি চালু করছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গ্রাহক এ সুবিধা পাবেন। অ্যামাজন জানিয়েছে, ফিচারটি গ্রাহকের রিভিউ সংরক্ষণ করবে এবং তা কাস্টমাইজ করে ক্রেতাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এআইচালিত প্রযুক্তিটি অনলাইন ক্রেতাদের একটি বড় ভোগান্তি লাঘব করবে, যেখানে অগণিত রিভিউ থেকে উপযুক্ত রিভিউগুলো তাদের সামনে তুলে ধরা হবে। শত শত পণ্যের রিভিউ থেকে শুধু সংক্ষিপ্ত অপশনে ট্যাপ করে গ্রাহক তার কাঙ্ক্ষিত রিভিউ দেখে নিতে পারবেন। উদ্ভাবনী এ ফিচারটিতে আগামীতে আরো নতুন নতুন ক্যাটাগরি যোগ হবে বলে জানিয়েছে অ্যামাজন।

গ্রাহকের ধারণা, এত কিছুর পরও কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। এটি আদৌ সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে পারবে কিনা সেটি নিয়েও উদ্বেগ রয়েছে।