বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ের বিকাশে কাজ করবে সমন্বিত সংযোগ ও অনলাইন সেবাপ্রদানকারী আন্তর্জাতিক ডিজিটাল অপারেটর ভিওন লিমিটেড ও বাংলালিক। 

বাংলাদেশ ব্যাংকের কাছে দুটি কোম্পানি সম্মিলিতভাবে ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন করার ঘোষণা দিয়েছে। ভিওনের পূর্ণ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান বাংলালিংক। ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সের অনুমতি দেয়া হলে বাংলালিংকের কার্যক্রম ফিনটেকে সম্প্রসারিত হবে, ফলে ডিজিটাল অপারেটর হিসেবে প্রতিষ্ঠানটি ভিওনের দক্ষতাকে কাজে লাগিয়ে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবা দিতে পারবে। ভিওন গ্রুপ ছয়টি দেশে মোবাইল প্লাটফর্মের মাধ্যমে প্রতি মাসে ২ কোটি ৬০ লাখ সক্রিয় গ্রাহককে এ পরিষেবা দিচ্ছে। কিছু দেশে প্রতিষ্ঠানটি ডিজিটাল লোন সার্ভিসও দিচ্ছে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘বাংলাদেশ ১৭ কোটি ৩০ লাখ মানুষের একটি দেশ, যেখানে ব্যাংকিং সেবার পরিসর সীমিত। সরকারের স্মার্ট বাংলাদেশ রূপকল্প ও উচ্চপ্রবৃদ্ধির লক্ষ্যের সঙ্গে মিল রেখে ডিজিটালাইজেশন বাংলাদেশের জনগণের জন্য বিপুল সম্ভাবনা নিয়ে আসবে। বাংলালিংক এ যাত্রার প্রথম পর্যায়ে দেশের জনগণকে সেবা দেয়ার বিশেষ সুযোগ পেয়েছে। এখন আমরা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত।’

ভিওনের গ্রুপ সিইও কান তেরজিওগ্লো বলেন, ‘ডিজিটাল ব্যাংকিংয়ের প্রতি বাংলালিংকের আগ্রহ ডিজিটাল ক্ষমতায়নের প্রতি ভিওনের প্রতিশ্রুতিকে বিশেষভাবে প্রতিফলিত করে। এটি ভিওনের ডিজিটাল অপারেটর কৌশলের একটি মূল ভিত্তি, যা আমাদের সব মার্কেটে চালু রয়েছে। বাংলালিংককে এর উদ্ভাবন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের কার্যক্রমকে সহযোগিতা করার মতো দক্ষতা আমাদের রয়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য এ পদক্ষেপের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রবৃদ্ধির লক্ষ্যকে ত্বরান্বিত করতে চাই।’