ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৫৮ কোটি ৭০ লাখ বা ৫৮৭ মিলিয়ন ডলারের অ্যান্টিট্রাস্ট জরিমানার বিরুদ্ধে আদালতে আপিল করেছে টেক জায়ান্ট অ্যাপল। এ জরিমানা চলতি বছরের শুরুর দিকে আরোপ করা হয়। কারণ অ্যাপলকে ডিজিটাল মার্কেটস অ্যাক্ট লঙ্ঘন করার জন্য অভিযুক্ত করা হয়েছিল। খবর রয়টার্স।

ইউরোপিয়ান কমিশন এপ্রিলে বলেছিল, অ্যাপলের কিছু প্রযুক্তিগত ও বাণিজ্যিক সীমাবদ্ধতার কারণে ওই আইনের লঙ্ঘন হয়েছে। সীমাবদ্ধতার মধ্যে রয়েছে ডেভেলপারদের অ্যাপ স্টোরের বাইরে সাশ্রয়ী ডিলের দিকে ব্যবহারকারীদের পরিচালনা করতে না দেয়া।

এর আগে সিদ্ধান্তটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা বলেছিল অ্যাপল। গতকাল সময়সীমা শেষ হওয়ার দিন আদালতে আপিল করেছে কোম্পানিটি। এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, ইউরোপিয়ান কমিশনের সিদ্ধান্ত ও তাদের নজিরবিহীন জরিমানা আইনটির জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি। এ আপিলের মাধ্যমে কমিশন আমাদের স্টোর কীভাবে পরিচালনা করতে হবে ও ব্যবসায়িক শর্তাবলি যে জোর করে চাপিয়ে দিচ্ছে, সে বিষয়গুলো আমরা তুলে ধরব।