নির্দিষ্ট কিছু বৈশ্বিক বাজারে সম্প্রতি নতুন ফিটনেস ট্র্যাকার ‘ব্যান্ড ১০’ উন্মোচন করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। গ্যাজেটটিতে হার্ট রেট সেন্সর ও রক্তের অক্সিজেন মাত্রা মাপার জন্য ডিভাইসে রয়েছে এসপিও২ সেন্সর। এতে ১ দশমিক ৪৭ ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন ও নতুন স্লিপ-হার্ট রেট ভ্যারিয়েবিলিটি (এইচআরভি) ফিচার যুক্ত করা হয়েছে। হুয়াওয়ের দাবি, ব্যান্ডটি থেকে একবার চার্জে সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
হুয়াওয়ে বলছে, ফিটনেস প্রেমীদের জন্য এতে ১০০টি ওয়ার্কআউট মোড যোগ করা হয়েছে। ব্যান্ড ১০-এর দাম ও কবে থেকে কেনা যাবে, তা এখনো জানায়নি হুয়াওয়ে। বর্তমানে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গ্যাজেটটি কয়েকটি রঙে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। সেগুলো হলো কালো, নীল, সবুজ, ম্যাট ব্ল্যাক, বেগুনি, গোলাপি ও সাদা। এর মধ্যে কালো ও গোলাপি রঙের ব্যান্ডে পলিমার কেস ও বাকিগুলোয় অ্যালুমিনিয়ামের কেস ব্যবহার করা হয়েছে।
স্মার্ট ব্যান্ডটির ডিসপ্লের রেজল্যুশন ১৯৪x৩৬৮ ও পিক্সেল ঘনত্ব ২৮২ পিপিআই। এটি টাচ ও সুইপ নিয়ন্ত্রণ সমর্থন করে ও নেভিগেশনের জন্য একটি সাইড বাটন রয়েছে।
গত বছরের হুয়াওয়ে ব্যান্ড ৯-এর মতো নতুন ব্যান্ড ১০ পানির নিচে ৫০ মিটার পর্যন্ত প্রতিরোধী। এতে অ্যাক্সেলোমিটার, জাইরোস্কোপ ও ম্যাগনেটোমিটার রয়েছে। এটি মানসিক চাপ ও মাসিক চক্র ট্র্যাক করতে পারে। এছাড়া এতে পিপিজি সেন্সর রয়েছে, যা অনিয়মিত হার্টবিট ও প্রিম্যাচিউর বিট শনাক্ত করতে পারে।
ব্যান্ডটির এইচআরভি ফিচার ঘুমের ধরন, সময়কাল ও মান বিশ্লেষণ করতে সাহায্য করে। এতে একটি ইমোশনাল ওয়েলবিয়িং ফিচারও রয়েছে, যা ব্যবহারকারীর মেজাজ উন্নত করতে সাহায্য করবে।
এতে অ্যাপ নোটিফিকেশন, কল ও মেসেজ, আবহাওয়ার আপডেট দেখার পাশাপাশি ফোনের ক্যামেরা দূর থেকে নিয়ন্ত্রণ করার সুবিধা রয়েছে। তাছাড়া ‘ফাইন্ড ফোন’ ফিচারও যোগ করা হয়েছে। ব্যান্ডটি অ্যান্ড্রয়েড ৯.০ বা তার পরের সংস্করণ এবং আইওএস ১৩.০ বা তার পরের সংস্করণ সমর্থন করবে।










