নতুন কম্পিউটার কেনার পর সেটি মেরামতের জন্য সুনির্দিষ্ট দোকান বা শোরুমে যেতে হয়। এক্ষেত্রে স্টিকার খুলে ফেললে ওয়ারেন্টির আওতায় পড়ে না। কিন্তু এটি ব্যবহারকারীদের রাইট টু রিপেয়ার অধিকার ক্ষুণ্ন করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। সম্প্রতি এ অধিকার ক্ষুন্নের অভিযোগে উৎপাদনকারী কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করেছে সংস্থাটি। খবর এনগ্যাজেট।

এফটিসির বিবৃতি অনুযায়ী, স্টিকার অপসারণের ফলে ওয়ারেন্টি বাতিলের কথা বলার মাধ্যমে ব্যবহারকারীদের রাইট টু রিপেয়ারের অধিকার কেড়ে নেয়া হচ্ছে। এজন্য সংস্থার পক্ষ থেকে অ্যাজরক, গিগাবাইট ও জোটাককে দ্রুত সময়ের মধ্যে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসার বিষয়ে সতর্কবার্তা দেয়া হয়েছে।

সতর্কবার্তায় এফটিসি জানায়, স্টিকার সরানো হলে ওয়ারেন্টি কাজ না করার বার্তার বিষয়ে তিন কোম্পানিকে চিঠির মাধ্যমে সতর্ক করা হয়েছে। এর কারণে ব্যবহারকারীরা নিয়মিত ডিভাইসের যত্ন নিতে পারবে না এবং মেরামতের অধিকার হারাবে। অ্যাজরক, জোটাক ও গিগাবাইটসহ যেসব প্রতিষ্ঠান গেমিং কম্পিউটার, গ্রাফিকস কার্ড, মাদারবোর্ডসহ অন্য অ্যাকসেসরিজ বাজারজাত করে তাদের এ সতর্কবার্তা দেয়া হয়েছে। কমিশনের সদস্যরা আগামী এক মাস কোম্পানিগুলোর ওয়েবসাইট নজরদারিতে রাখবেন। এ সময়ের মধ্যে নীতিমালায় পরিবর্তন না আনলে আইনি ব্যবস্থা নেয়া হবে।