উন্মোচনের একদিন পরই নতুন মেসেজিং অ্যাপের বেটা ভার্সন বন্ধ করে দিয়েছে নাথিং। এক বিবৃতিতে কোম্পানি জানায়, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত নাথিং চ্যাটের কার্যক্রম বন্ধ থাকবে। খবর এনগ্যাজেট।

অ্যান্ড্রয়েড ও অ্যাপলের মধ্যে মেসেজিং বা কথোপকথন নিয়ে যখন আলোচনা চলছে তখন কোম্পানিটি সানবার্ডভিত্তিক নাথিং চ্যাট প্রকাশ্যে আনে। এতে আরসিএস ও আইমেসেজ দুটিরই সাপোর্ট রয়েছে। ফলে কথোপকথনের যে সমস্যা ছিল তা দূর করতে সক্ষম ছিল অ্যাপটি। কিন্তু প্রকাশ্যে আনার ঘোষণা দেয়ার পর থেকেই এটিকে ঘিরে সমালোচনা শুরু হয়। অনেকে জানান, বিদ্যমান বিভিন্ন মেসেজিং অ্যাপের মধ্যে নাথিং চ্যাটের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল।

অ্যাপের গভীর পর্যবেক্ষণ শেষে নাইনটুফাইভগুগল জানায়, নাথিং চ্যাটে ব্যবহারকারীদের মধ্যকার কথোপকথনের সুরক্ষায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা নেই। এছাড়া ব্যবহারকারীর পাঠানো যেকোনো ফাইলে প্লেইন টেক্সটের মাধ্যমে প্রবেশ করা সম্ভব। অন্য আরেক দলের তথ্যানুযায়ী, সানবার্ড এইচটিটিপিএসের পরিবর্তে এইচটিটিপি ব্যবহার করে থাকে। 

টেক্সটস ডটকমের প্রতিষ্ঠাতা কিশান বাগারিয়া জানান, এটি খুবই ঝুঁকিপূর্ণ। এছাড়া গবেষণার মাধ্যমে তার দল দেখতে পায় প্লেইন টেক্সটের মাধ্যমে পাঠানো সব কথোপকথন দেখা সম্ভব।