ভিডিও গেমিং খাত নিয়ে বর্তমানে অনেক প্রতিষ্ঠানই কাজ করছে। প্রতিনিয়ত এ খাতের বাজার বাড়ছে। ক্রমবর্ধমান এ বাজারে নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অংশ হিসেবে আইওএস ডিভাইসের জন্য আলাদা কন্ট্রোলার অ্যাপ চালু করেছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। খবর জিএসএম অ্যারেনা।
নতুন অ্যাপটির নাম নেটফ্লিক্স গেম কন্ট্রোলার। এর মাধ্যমে ব্যবহারকারী নিজের সেলফোন বা ট্যাবলেটের সঙ্গে টেলিভিশন যুক্ত করে গেমপ্যাড হিসেবে ব্যবহারের সুবিধা পাবেন। ফলে নেটফ্লিক্স সেবার বিভিন্ন গেম টিভিতে খেলতে পারার পাশাপাশি সেগুলো ব্যবহারকারীর মোবাইল থেকেও নিয়ন্ত্রণ করা যাবে।
অ্যাপটি ডাউনলোড করা গেলেও এটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এটি কোন গেমগুলোকে সমর্থন করবে বা সেলফোনে কীভাবে সংযোগ ঘটানো যাবে, সেসব তথ্য এখনো অজানা। অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণ আসবে কিনা সে বিষয়েও কিছু জানানো হয়নি।
ইন্ডি ঘরানার গেম প্রকাশক হিসেবে কোম্পানিটির বেড়ে ওঠার লক্ষ্যমাত্রা বিবেচনায় নিলে এটা তেমন ‘বড় চমক’ নয়। গত দুই বছরে প্রায় ৭০টি গেম টাইটেল এনেছে নেটফ্লিক্স গেমস।










