নিরাপত্তা ত্রুটির কারণে কল অব ডিউটি: ডব্লিউডব্লিউ২ গেমটির পিসি সংস্করণ সরিয়ে নিতে বাধ্য হয়েছে জনপ্রিয় গেম প্রকাশক অ্যাক্টিভিশন। গেমের একটি বাগ বা ত্রুটি কাজে লাগিয়ে একাধিক ব্যবহারকারীর কম্পিউটার হ্যাক হওয়ার অভিযোগের পর পরিস্থিতি গুরুতর বিবেচনায় ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় এ গেম সরিয়ে নিয়েছে কোম্পানিটি। খবর হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, গত মাসের শেষদিকে ডব্লিউডব্লিউ২ গেমটি মাইক্রোসফটের গেম পাসে যুক্ত হওয়ার কয়েক দিনের মধ্যেই সমস্যার সূত্রপাত ঘটে। এক সপ্তাহের মধ্যেই খেলোয়াড়রা নানা ধরনের ত্রুটির কথা জানাতে শুরু করেন। যেমন গেম খেলার সময় কম্পিউটার হ্যাং হয়ে যাওয়া, নোটপ্যাড বা কমান্ড প্রম্পট স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া, নিজে থেকে কম্পিউটার বন্ধ হয়ে যাওয়া, এমনকি ডেস্কটপ ওয়ালপেপারও বদলে যাওয়া।
কিছু ব্যবহারকারীর ভাষ্য, হ্যাকাররা সরাসরি বার্তা পাঠিয়ে জানিয়েছে যে ‘রিমোট কোড এক্সিকিউশন’ (আরসিএ) নামের একটি বাগের মাধ্যমে তাদের কম্পিউটার নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।
একাধিক অভিযোগের পর এক সপ্তাহ আগে অ্যাক্টিভিশনের পক্ষ থেকে বিষয়টি তদন্তের ঘোষণা দেয়া হয়েছিল। তবে ওই সময় কোম্পানিটি এ সমস্যা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা রিমোট কোড এক্সিকিউশন বা আরসিইকে একটি ‘ভয়ংকর’ বাগ বলে উল্লেখ করেছেন। এর মাধ্যমে হ্যাকাররা দূর থেকে অন্যের কম্পিউটারে ক্ষতিকর কোড চালিয়ে নিয়ন্ত্রণ নিতে পারে।
গেম সংশ্লিষ্টরা বলছেন, কল অব ডিউটি: ডব্লিউডব্লিউ২ গেমের পিসি সংস্করণটি সম্প্রতি মাইক্রোসফট স্টোর ও গেম পাসে যুক্ত করা হয়। তবে সংস্করণটি পুরনো হওয়ায় এতে আরসিই বাগটি রয়ে যায়। ফলে অনেক গেমার হ্যাকের শিকার হন।
গেমটি মাইক্রোসফট স্টোর থেকে সরিয়ে নিলেও এটি ডিজিটাল গেম প্লাটফর্ম স্টিমে এখনো পাওয়া যাচ্ছে, তবে সেখানে রিভিউ অংশে অনেকে অন্যদের গেমটি ডাউনলোড না করার পরামর্শ দিচ্ছেন। গেমার দাবি জানিয়েছেন, পুরনো গেম নতুন প্লাটফর্মে আনার আগে অ্যাক্টিভিশন যেন নিরাপত্তা সমস্যাগুলো ঠিক করে।
এদিকে গেমারদের নিরাপত্তা নিশ্চিতে বড় ভিডিও গেম কোম্পানিগুলো সম্প্রতি নিজেদের সাইবার সিকিউরিটি ও অ্যান্টি-চিট টিমকে আরো শক্তিশালী করতে কাজ করছে। কিন্তু অ্যাক্টিভিশনের ক্ষেত্রে এর উল্টোটা ঘটেছে। গত কয়েক বছরে প্রতিষ্ঠানটির একাধিকবার কর্মী ছাঁটাইয়ের মধ্যে বেশির ভাগই ছিলেন সাইবার সিকিউরিটি টিমের সদস্য।










