৬৬০ কোটি ডলারে কোম্পানির বর্তমান ও সাবেক কর্মীদের শেয়ার বিক্রি করেছে ওপেনএআই। বড় অংকের এ অর্থ সংগ্রহের পর কোম্পানিটির মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার, যা এখন পর্যন্ত কোনো বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ। খবর এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, সফটব্যাংক, ড্রাগোনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ, থ্রাইভ ক্যাপিটাল, এমজিএক্স ও টি. রো প্রাইসসহ কয়েকটি প্রতিষ্ঠান এসব শেয়ার কিনেছে। ওপেনএআইয়ের এ শেয়ার বিক্রি কোনো সাধারণ বিনিয়োগ বা ফান্ডিং রাউন্ড নয়। অর্থ সরাসরি কোম্পানির তহবিলে না গিয়ে শেয়ারধারী কর্মীদের কাছে গেছে। তাই পদক্ষেপটি কোম্পানির শীর্ষ প্রকৌশলী ধরে রাখার একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে বলে মনে করছেন অনেকে।

কোম্পানি-সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ওপেনএআইয়ের সর্বশেষ বড় ফান্ডিং হয়েছিল আগস্টে। ওই সময় প্রতিষ্ঠানটি ৪ হাজার কোটি ডলার অর্থ সংগ্রহ করে। বিনিয়োগকারীদের মধ্যে ছিল সফটব্যাংক, থ্রাইভ, টি. রো প্রাইস, ড্রাগোনিয়ার, এছাড়া প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ও টিপিজি এবং বড় ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ফাউন্ডারস ফান্ড, সিকোইয়া ক্যাপিটাল এবং আন্ড্রেসেন হোরোভিটজ। ওপেনএআইয়ের বাজারমূল্য তখন ৩০ হাজার কোটি ডলারের কাছে পৌঁছে।