স্যামসাং নিজেদের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফ্লিপের সাশ্রয়ী দামের একটি মডেল বাজারে আনার পরিকল্পনা করছে। নতুন ফোনটির নাম হতে পারে গ্যালাক্সি জেড ফ্লিপ এফই। ফোনটি আগামী বছর বাজারে আসার সম্ভাবনা রয়েছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৭-এর সঙ্গে একই সময় নতুন জেড ফ্লিপ এফই বাজারে আনতে পারে স্যামসাং। এর আগে গত প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশের সময় দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি জানিয়েছিল, তারা ফোল্ডেবল ফোনের দাম কমিয়ে আনার চেষ্টা করছে। নতুন ফোনটি সে প্রচেষ্টার অংশ হতে পারে বলে মনে করছেন প্রযুক্তিপ্রেমীরা। এমনকি ভবিষ্যতে জেড ফ্লিপের আরো সংস্করণ বাজারে আসতে পারে বলেও ধারণা করছেন তারা।

কয়েক সপ্তাহ আগে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬-এর একটি বিশেষ সংস্করণ উন্মোচন করেছে। এর দাম স্ট্যান্ডার্ড সংস্করণের তুলনায় অনেক বেশি ছিল। গ্যালাক্সি জেড ফ্লিপ এফইতে দাম কমিয়ে আনার জন্য পুরনো কিছু ফিচার ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টিপস্টাররা জানিয়েছেন, স্যামসাং আগামী বছর আরো দুটি ফোন বাজারে আনতে পারে। একটি হলো গ্যালাক্সি এস ২৫ স্লিম, অন্যটি গ্যালাক্সি জেড ফোল্ড ৭ সিরিজের আরেকটি মডেল হতে পারে। গ্যালাক্সি এস ২৫ স্লিম ২০২৫ সালের এপ্রিলের আগে বা পরে বিক্রির জন্য উন্মোচন করা হতে পারে। অন্য মডেলটি গ্যালাক্সি জেড ফোল্ড ৭ সিরিজের সঙ্গে একই সময় বাজারে আসতে পারে। এ তথ্য সত্য হলে আগামী বছর চারটি নতুন ফোন আনতে পারে স্যামসাং।