ডিসকর্ডে সরাসরি গেম স্ট্রিমিংয়ের সুবিধা পেতে যাচ্ছে এক্সবক্সের ব্যবহারকারীরা। বিখ্যাত ভয়েস চ্যাট প্লাটফর্মটি এক ঘোষণায় জানায়, শিগগিরই প্লাটফর্মটি মাইক্রোসফটের গেমিং কনসোলের মাধ্যমে গেম স্ট্রিমিংয়ের সুবিধা দেবে।

গিজমোচায়নায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বর্তমানে এক্সবক্সে ডিসকর্ড ব্যবহারকারীরা ভয়েস চ্যাট ও স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা পেয়ে থাকে। এক্সবক্স গেমিং কনসোলে ডিসকর্ড ব্যবহারকারীরা গেম স্ট্রিমিংয়ের ফিচার চালুর জন্য দীর্ঘদিন থেকে আবেদন জানিয়ে আসছে। ফিচারটি যখন প্রথম প্রকাশ্যে আসে তখন এটি ব্যবহারকারীদের ডিসকর্ডে থাকা বন্ধুদের সঙ্গে স্ক্রিন ও গেম শেয়ারের সুবিধা দিয়েছিল। নতুন উদ্যোগের অংশ হিসেবে এক্সবক্স সিরিজ এক্স, সিরিজ এস ও এক্সবক্স ওয়ানে গেম স্ট্রিমিং ফিচারটি চালু হবে।

অফিশিয়াল ব্লগ পোস্টের তথ্যানুযায়ী, ফিচারটি ব্যবহারের জন্য এক্সবক্স ব্যবহারকারীদের স্মার্টফোন বা ডেস্কটপ থেকে এক্সবক্স ও ডিসকর্ড অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। এরপর সেটিংস থেকে কানেকশনে প্রবেশ করতে হবে। সেখানে ডিসকর্ড ও এক্সবক্স অ্যাকাউন্ট যুক্ত করার অপশন পাওয়া যাবে। এসব কাজ শেষে এক্সবক্স থেকে ডিসকর্ডে প্রবেশ করতে হবে এবং স্ট্রিম ইওর গেম অপশন আছে কিনা দেখতে হবে। ডিসকর্ড নাইট্রোর ব্যবহারকারীরা এক্সবক্স কনসোল থেকে বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবে। এর মধ্যে ১০৮০ পিক্সেল রেজল্যুশনে প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমের ভিডিও ধারণ করার ফিচার রয়েছে। ফ্রি সদস্যরা প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমে ৭২০ পিক্সেলের ভিডিও ধারণ করতে পারে।