অপেরা নিজেদের আরিয়া ব্রাউজার এআই অ্যাসিস্ট্যান্ট চ্যাটবটে গুগলের জেমিনি এআই মডেল যুক্ত করতে যাচ্ছে। এজন্য গুগল ক্লাউডের সঙ্গে একটি অংশীদারত্বের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। অপেরা ওয়ান ব্রাউজারে সমন্বিত আরিয়া এআই অ্যাসিস্ট্যান্ট চ্যাটবটটি এখন গুগলের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) জেমিনির মাধ্যমে ইমেজ জেনারেশন ও টেক্সট-টু-অডিও সুবিধা দিতে পারবে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
আরিয়া হলো অপেরার এআই অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট যা প্রশ্নের উত্তর দিতে, প্রোগ্রামিংয়ের কোড লিখতে ও ইমেজ জেনারেট করতে একাধিক লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে থাকে। এটি ডেস্কটপের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের জন্যও রয়েছে। গুগলের জেমিনির সঙ্গে ইন্টিগ্রেশনের সম্পর্কে এক ব্লগ পোস্টে অপেরা জানিয়েছে, আরিয়া এখন থেকে হাই পারফরম্যান্সের পাশাপাশি সর্বশেষ তথ্য সরবরাহ করতে সক্ষম হবে।
নতুন এআই ফিচারের মধ্যে রয়েছে ইমেজ জেনারেশন ও মানুষের মতো উত্তর দেয়ার সক্ষমতা। আরিয়া এখন গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে সহজেই টেক্সট প্রম্পট থেকে ছবি তৈরি করতে পারবে। এছাড়া টেক্সট প্রতিক্রিয়া দেয়ার সময় চ্যাটজিপিটির মতো পড়ে শোনাতে পারবে। এর আগে গত মাসে অপেরা ইমেজেন-টু মাধ্যমে চালিত একটি বিনামূল্যে টেক্সট টু ইমেজ জেনারেটর যুক্ত করেছিল।
লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ব্যবহার করার পরিবর্তে অপেরার আরিয়া মাল্টি-এলএলএম কম্পোজার ইঞ্জিন ব্যবহার করছে। এতে আরিয়া যেকোনো প্রশ্নের জন্য সেরা এলএলএম নির্বাচন করে উত্তর খুঁজে থাকে। গুগলের জেমিনি মডেল ছাড়াও মেটা, মিস্ট্রাল এআইসহ আরো ৫০টি এআই মডেল এলএলএম সঙ্গে কাজ করছে অপেরার আরিয়া। আরিয়া এআই অ্যাসিস্ট্যান্ট অপেরা জিএক্সসহ ফ্ল্যাগশিপ অপেরা ব্রাউজারগুলোয় পাওয়া যাবে।










