চলতি বছরের শুরুতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর চ্যাটবট ক্লাইড চালু করে ডিসকর্ড। সামাজিক মাধ্যমটিতে চ্যাটবটের কার্যক্রম শুরুতে পরীক্ষামূলকভাবে ক্লাইডের যাত্রা। কিন্তু বছর শেষ হওয়ার আগেই সিদ্ধান্তে পরিবর্তন আনছে কোম্পানি। আগামী মাসেই চ্যাটবটের কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। খবর টেকটাইমস।
এক সাপোর্ট নোটের মাধ্যমে ডিসকর্ড সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে জানিয়েছে। নোটে বলা হয়, ১ ডিসেম্বর থেকে ক্লাইড নিষ্ক্রিয় হয়ে যাবে। এর মাধ্যমে সবক্ষেত্রে এআই চ্যাটবট ব্যবহার থেকে সরে আসবে প্লাটফর্মটি। সরাসরি মেসেজ, গ্রুপ মেসেজ ও সার্ভার চ্যাটে ব্যবহারের জন্য ক্লাইড পরিচিত। এসব জায়গায় ব্যবহারকারীদের শুধু কমান্ডের মাধ্যমে ক্লাইডকে মেনশন করলেই কথোপকথন শুরু হয়ে যেত।
ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে ক্লাইড বেশ জনপ্রিয়তা পেতে শুরু করে। এরপর প্রযুক্তি খাতে ব্যবহারের জন্য ডেভেলপারদের এপিআই সরবরাহের উদ্যোগ নেয়া হয়। তবে কী কারণে ক্লাইড বন্ধ করে দেয়া হচ্ছে সে বিষয়ে নোটে ডিসকর্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে এটিকে ঘিরে কিছু গুঞ্জন রয়েছে। দ্য ভার্জের তথ্যানুযায়ী, নাইট্রো এক্সক্লুসিভ ফিচার হিসেবে পুনরায় চ্যাটবট চালু করা হতে পারে।










