চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশ করেছে চীনের অন্যতম প্রযুক্তি কোম্পানি লেনোভো গ্রুপ। এ সময় কোম্পানিটির আয় ১ হাজার ২৯০ কোটি ডলারে পৌঁছেছে। যেখানে ১ হাজার ৩৭৬ কোটি ডলার আয়ের পূর্বাভাস দেয়া হয়েছিল। বছরওয়ারি হিসেবে যা ২৪ শতাংশ কম। নিট মুনাফার পরিমাণ ১৭ কোটি ৬৫ লাখ ডলারে দাঁড়িয়েছে। যেখানে ২৩ কোটি ৫০ লাখ ডলারের পূর্বাভাস দেয়া হয়েছিল। খবর গিজমোচায়না।

কোম্পানিটি কম্পিউটার ব্যবসার ব্যাপারে আশা প্রকাশ করেছে। লেনোভোর দাবি, এটি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং চলতি বছরের শেষের দিকে পুনরুদ্ধারের জন্য প্রস্তুত। এছাড়া কোম্পানিটি কম্পিউটার খাতের বাইরে বিনিয়োগের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের কথা জানিয়েছে। ভবিষ্যতের কথা চিন্তা করে লেনোভো বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত অ্যাপ্লিকেশনের উন্নয়নে কাজ করছে।

লেনোভো গ্রুপের তথ্যানুযায়ী, ইনভেন্টরিতে সামঞ্জস্য আনার জন্যই মূলত মুনাফা কমেছে। তবে মুনাফা কমলেও কোম্পানিটি বছরওয়ারি হিসেবে পরিচালন ব্যয় ১১ শতাংশ কমাতে সক্ষম হয়েছে। এতে ৮৫ কোটি ডলার ব্যয় কমানো গেছে। ব্যবসায়িক খাতের হিসেবে ব্যক্তিগত কম্পিউটার, ট্যাবলেট ও স্মার্টফোনসহ স্মার্ট ডিভাইস বিজনেস গ্রুপটি মুনাফার দিক থেকে আগের বছরের তুলনায় ২৮ শতাংশ অবনমন দেখতে পেয়েছে। পরিচালনগত মুনাফাও ৩৯ শতাংশ কমে ৬৫ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে।

ভূরাজনৈতিকভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে লেনোভো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় ২১ শতাংশ কমেছে। স্মার্ট ডিভাইসেস বিজনেস গ্রুপের মুনাফা কমলেও উত্তর আমেরিকায় কোম্পানিটির ইনভেন্টরি কভিড-১৯ মহামারী পূর্ববর্তী অবস্থায় চলে এসেছে বলে জানা গেছে।

চীন ব্যতীত এশিয়া-প্যাসিফিকের অন্যান্য অঞ্চলে লেনোভোর মুনাফা ১৭ শতাংশ কমেছে। একইভাবে ইউরোপ-মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে রাজস্ব বছরে উল্লেখযোগ্য ২৯ শতাংশ কমেছে। এছাড়া লেনোভো গ্রুপের অভ্যন্তরীণ বাজার চীনেও বছরওয়ারি হিসেবে মুনাফা ২৯ শতাংশ কমেছে। কম্পিউটারের পাশাপাশি অবকাঠামো নির্মাণ ব্যবসায় চাহিদা কমে যাওয়ার কারণেই মূলত এ অবনমন হয়েছে।

সামগ্রিকভাবে বছরের দ্বিতীয় প্রান্তিকে লেনোভো গ্রুপের আর্থিক প্রতিবেদন ইনভেন্টরি বা পণ্যের সামঞ্জস্যতা নিশ্চিত করা ও বিশ্ববাজারের দোদুল্যমান পরিস্থিতিকেই চিহ্নিত করে। তবে পরিচালন ব্যয় কমাতে কোম্পানি যে উদ্যোগ নিয়েছিল তা মুনাফায় বড় ধরনের পতন থেকে কিছুটা হলেও রক্ষা করেছে বলে দাবি সংশ্লিষ্টদের। লেনোভো যখন ব্যবসায় পরিবর্তন আনার কথা ভাবছে তখন চীনের প্রযুক্তি খাত নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ্যে এসেছে। দেশটিতে ভার্চুয়াল (ভিআর) ও অগমেন্টেড রিয়ালিটির (এআর) বাজার প্রবৃদ্ধি দেখতে পেয়েছে। সম্প্রতি রুন্টো টেকনোলজি সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্ধারিত সময়ের মধ্যে দেশটি ১ লাখ ৭৮ হাজার ইউনিট এআর ও ভিআর ডিভাইস বিক্রি করেছে। যদিও তা আগের বছরের তুলনায় ৫১ দশমিক ২ শতাংশ কম। তবে দুটি আলাদা প্রযুক্তি পণ্য এ খাতে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন প্রযুক্তি বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টরা।

দেশটিতে অনলাইনে ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইসের বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে। বছরওয়ারি হিসেবে যা ৬০ দশমিক ৯ শতাংশ কম। বিক্রি কমার পেছনে কারণগুলোও অনুমেয়। পাশাপাশি গ্রাহকের পছন্দের ও প্রযুক্তিগত পরিবর্তনের বিষয়ও বিক্রি কমাতে প্রভাবক হিসেবে কাজ করেছে বলে সূত্রে জানা গেছে। ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইসের বিক্রি কমলেও এআর ডিভাইসের বাজার ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। বছরওয়ারি হিসেবে ২০২৩-এ বিক্রি ২৫৮ শতাংশ বেড়েছে। এছাড়া সামগ্রিকভাবে এআর/ভিআরের বাজারে এআর ডিভাইসের বাজার হিস্যা ৩৮ শতাংশ বেড়েছে। মূলত এআর ডিভাইসের গড় মূল্য কমানোয় বিক্রি বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকে ডিভাইসগুলোর গড় বিক্রয়মূল্য ছিল ২ হাজার ৮২৮ ইউয়ান।

চীনে অগমেন্টেড রিয়ালিটির অনলাইন বাজারের শীর্ষে রয়েছে তিনটি প্রতিষ্ঠান। এগুলো হলো রেবার্ড ইনোভেশন, এক্সরিয়েল ও রোকিড। তিনটি কোম্পানি সম্মিলিতভাবে ৯০ দশমিক ২ শতাংশ বাজার হিস্যা নিয়ন্ত্রণে রেখেছে। সিআর৩ ইনডেস্কের তথ্যানুযায়ী এটি জানা গেছে। রেবার্ড ইনোভেশনের হিস্যা ৩৯ দশমিক ১, এক্সরিয়েলের ৩২ দশমিক ২ এবং রোকিডের ১৮ দশমিক ৯ শতাংশ।