চলতি বছর চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি ডেলের আয়ের পূর্বাভাস ওয়াল স্ট্রিটের প্রত্যাশার তুলনায় কম হবে। প্রচলিত ব্যক্তিগত কম্পিউটার (পিসি) চাহিদা কমে যাওয়া ও সার্ভারের বাজারে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতা প্রতিষ্ঠানটির আয় কমার মূল কারণ বলে জানিয়েছে ডেল। এদিকে গত মঙ্গলবার এ সংবাদের পর কোম্পানিটির শেয়ারমূল্য কমেছে ১০ শতাংশের বেশি। খবর রয়টার্স।

প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, ডেলের এআই অপ্টিমাইজড সার্ভারগুলোর উচ্চ চাহিদা রয়েছে। কিন্তু বেশকিছু সময় ধরে কোম্পানির পিসি ব্যবসা চ্যালেঞ্জের সম্মুখীন৷।

ডেলের নির্বাহীরা জানান, করপোরেট গ্রাহক বর্তমানে পিসি ও আইটি খাতে খরচ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে। এছাড়া কোম্পানির ভোক্তা ব্যবসার (সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি) পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় দুর্বল হয়েছে। ডেলের পূর্বাভাস অনুযায়ী, চতুর্থ প্রান্তিকে কোম্পানিটির আয় ২ হাজার ৪০০ কোটি থেকে ২ হাজার ৫০০ কোটি ডলারের মধ্যে থাকবে। তবে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্যানুযায়ী, বিশ্লেষকরা এর চেয়েও বেশি, গড়ে ২ হাজার ৫৫৭ কোটি ডলার আয়ের পূর্বাভাস দিয়েছিলেন।

আগের প্রান্তিকে ডেলের আয় হয়েছিল ২ হাজার ৪৩৭ কোটি ডলার, যা বিশ্লেষকদের অনুমান করা ২ হাজার ৪৬৭ কোটি ডলারের তুলনায় কম।