বিপ মেসেঞ্জারের সঙ্গে নতুন এক্সক্লুসিভ পার্টনারশিপের ঘোষণা দিয়েছে দেশের অন্যতম ডিজিটাল পরিষেবা প্রতিষ্ঠান বাংলালিংক। চুক্তির আওতায় বিপের এক্সক্লুসিভ পার্টনার হিসেবে দেশব্যাপী এর ব্র্যান্ডিং, মার্কেটিং ও প্রমোশনে সহযোগিতা করবে। এছাড়া গ্রাহকের জন্য বিপের বিশেষ ডাটা বান্ডেল থাকবে বলেও জানা গেছে।

১৯২টি দেশে ব্যবহারকারীরা বিপ মেসেঞ্জার উপভোগ করছেন। এতে রয়েছে দ্রুত ও নিরাপদ এনক্রিপটেড মেসেজিং, এইচডি মানের ভয়েস ও ভিডিও কল, ১০৬টি ভাষায় তাৎক্ষণিক অনুবাদসহ আরো বিভিন্ন সুবিধা। গুগল প্লেস্টোর ও অ্যাপল অ্যাপস্টোর থেকে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা খুব সহজে এটি ডাউনলোড করতে পারবেন। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত ও বিপের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োখান ইয়কসেকটেপে নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। এরিক অস বলেন, ‘বাংলালিংক গ্রাহকের নানামুখী চাহিদা পূরণে আমরা ডিজিটাল সেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছি। এক্ষেত্রে অংশীদারত্ব আমাদের অগ্রগতির জন্য সহায়ক।’

বিপের প্রধান নির্বাহী ইয়োখান ইয়কসেকটেপে বলেন, ‘বাংলাদেশের ব্যবহারকারীদের মধ্যে বিপের জনপ্রিয়তা দেখে আমরা আনন্দিত। আমাদের লক্ষ্য হলো বিপকে একটি আন্তর্জাতিক যোগাযোগের অ্যাপ হিসেবে প্রতিষ্ঠিত করা।’