কনটেক্সট কার্ড নামে নতুন একটি নিরাপত্তাবিষয়ক ফিচার নিয়ে এসেছে মেটা মালিকানাধীন প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এ ফিচারের মাধ্যমে ইনভাইট রিকোয়েস্ট গ্রহণের ক্ষেত্রে কোনো গ্রুপ বা ব্যক্তি সম্পর্কে ব্যবহারকারীকে আগের চেয়ে বেশি তথ্য দিয়ে সতর্ক করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। খবর টাইমলাইন।
হোয়াটসঅ্যাপে অচেনা গ্রুপে কাউকে যুক্ত করা হলে গ্রুপটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হবে যেমন—গ্রুপটি কে তৈরি করেছে, কখন তৈরি করা হয়েছে, কে গ্রুপে যুক্ত করেছে এবং গ্রুপটির বিবরণ। এর মাধ্যমে গ্রুপটিতে যুক্ত হবেন কিনা, ব্যবহারকারী সে সিদ্ধান্ত নিতে পারবেন।
মেটা চলতি সপ্তাহে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সামনাসামনি দেখা হওয়ার পরও কেউ যদি ফোন নম্বর সেভ করে না রাখেন, সেক্ষেত্রেও কাজে লাগবে এ ফিচার। কনটেক্সট কার্ড নামের ফিচারটি এরই মধ্যে কিছু ব্যবহারকারীকে দেয়া হয়েছে এবং আগামী দিনে একটি হোয়াটসঅ্যাপের আপডেটের মাধ্যমে সবাই এর সুবিধা পাবেন।
মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপে অচেনা গ্রুপে যুক্ত হয়ে অনেকেই অর্থ হারাচ্ছেন। এছাড়া সাইবার অপরাধের ব্যাপারেও অভিযোগ রয়েছে বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে। ব্যবহারকারীরা অনেক ক্ষেত্রেই এ ধরনের অনেক অননুমোদিত গ্রুপ দ্বারা প্রতারণার শিকার হয়েছেন। নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বিভিন্ন গ্রুপ পরীক্ষা করে দেখা এবং হোয়াটসঅ্যাপে যেকোনো গ্রুপের বিস্তারিত এবং উৎস সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি ব্যবহারকারীদের এমন কিছু ফিচারের সঙ্গে যুক্ত করা হবে যেগুলো দিয়ে গ্রুপের বাইরে কোনো ব্যক্তি বার্তা পাঠালে তার সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানা যাবে। আগে এ সুবিধা কেবল সীমাবদ্ধ ছিল সেটিংস নিয়ন্ত্রণের মাধ্যমে।










