চলতি বছর কাস্টম জিপিটি স্টোর চালু করবে না ওপেনএআই। আগামী বছরের কোনো এক সময় এটি উন্মোচন করা হবে বলে জানিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

নভেম্বর মাসে অনুষ্ঠিত প্রথম ডেভেলপার কনফারেন্সে কাস্টম জিপিটি ও স্টোরের নমুনা দেখিয়েছিল ওপেনএআই। সে মাসেরই শেষ নাগাদ এ সুবিধাগুলো চালুর পরিকল্পনা করেছিল কোম্পানিটি। সম্প্রতি কোম্পানির অভ্যন্তরীণ নথি সূত্রে এ তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও সিইও স্যাম অল্টম্যানকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় কোম্পানির পরিচালনা পর্ষদ। এরপর তাকে ফিরিয়ে না আনা হলে চাকরি ছেড়ে দেয়ার ঘোষণা দেয় ওপেনএআইয়ের কর্মীরা। 

অল্টম্যানের ছাঁটাইয়ের পর অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করা মিরা মুরাটিকেও কোম্পানির প্রযুক্তি প্রধান হিসেবে বহাল রাখা হয়েছে। অল্টম্যান, ব্রকম্যান, সুটসকেভার, ডি অ্যাঞ্জেলোর পাশাপাশি ওপেনএআইয়ের আগের পর্ষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন উদ্যোক্তা তাশা ম্যাককউলি ও জর্জটাউনভিত্তিক গবেষণা কোম্পানি ‘সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ইমার্জিং টেকনোলজি’র পরিকল্পনা বিভাগের পরিচালক হেলেন টোনার।