ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোয় আইনি জটিলতার মুখে পড়তে যাচ্ছে মেটার অ্যাড ফ্রি পরিষেবা। প্রতিষ্ঠানটির নতুন সিদ্ধান্তের বিরুদ্ধে গোপনীয়তা নীতি লঙ্ঘন ও ব্যবহারকারীদের তথ্যের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় উদ্বেগ জানিয়েছে ভিয়েনাভিত্তিক ডিজিটাল অধিকার সুরক্ষা গ্রুপ এনওওয়াইবি। খবর গিজমোচায়না

মেটা ঘোষিত অ্যাড ফ্রি পরিষেবার অন্তর্ভুক্ত ফেসবুক ও ইনস্টাগ্রাম। পরিষেবার মাধ্যমে ব্যবহারকারী বিশেষ ফি প্রদানের মাধ্যমে কোনো প্রকার বিজ্ঞাপন ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করতে পারবে। এজন্য ওয়েব পরিষেবায় গ্রাহককে মাসে ৯ দশমিক ৯৯ ইউরো ব্যয় করতে হবে। তবে মোবাইল ব্যবহারকারীদের ব্যয় হবে আরো কম। গ্রাহকরা সেক্ষেত্রে বিনামূল্যে অ্যাড সমেত কিংবা বিশেষ মূল্যে অ্যাডবিহীন পরিষেবার যেকোনো একটি প্ল্যান বাছাই করে নিতে পারবে।

কিন্তু এটির বিষয়ে ভিয়েনাভিত্তিক ডিজিটাল অধিকার সুরক্ষা গ্রুপ এনওওয়াইবি সমালোচনা করেছে। তাদের দাবি, সাবস্ক্রিপশন ফি ধার্য করার মাধ্যমে মূলত গোপনীয়তা বজায় রাখার ওপর মূল্য আরোপ করা হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, নতুন নীতিমালার কারণে ব্যবহারকারীরা তাদের তথ্যের গোপনীয়তা বজায় রাখতে বছরে ২৫০ ইউরো পর্যন্ত গুনতে বাধ্য হবে। এটা তাদের মৌলিক অধিকারের ওপর আঘাত।

মানবাধিকার প্রতিষ্ঠানটির আশঙ্কা, এর মধ্য দিয়ে ব্যাহত হবে অর্থায়ন ও ব্যবহারকারীর তথ্যের স্বাধীনতা। মেটার এ সিদ্ধান্ত পরবর্তী সময়ে বড় কোম্পানিগুলোকেও প্রভাবিত করবে। নেটফ্লিক্স, ইউটিউব ও স্পটিফাইয়ের মতো প্রতিষ্ঠানগুলোও ব্যবহারকারীর তথ্য এবং গোপনীয়তা নিয়ে সিদ্ধান্ত নিতে প্ররোচিত হবে।