ইলোন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো পদত্যাগ করেছেন। গত সপ্তাহে এক্সে নিজের প্রোফাইলে দেয়া এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। খবর দ্য গার্ডিয়ান।
২০২৩ সালে এনবিসিইউনিভার্সালের বিজ্ঞাপনবিষয়ক শীর্ষ কর্মকর্তা হিসেবে কর্মরত অবস্থায় ইয়াকারিনোকে সিইও হিসেবে এক্সে নিয়ে আসেন ইলোন মাস্ক। দায়িত্ব নেয়ার পর থেকে মূলত বিজ্ঞাপন, অংশীদারত্ব ও ব্যবসায়িক দিক সামলানো ছিল তার দায়িত্ব। শুরু থেকেই মাস্কের নানা সিদ্ধান্ত ও বিতর্কিত বক্তব্যের কারণে চাপের মুখে পড়তে হয়েছে তাকে।
তিন বছর আগে টুইটার কিনে একে এক্সে রূপান্তর করেন মাস্ক। এরপর থেকেই তিনি এক্সকে একটি ‘এভরিথিং অ্যাপে’ পরিণত করার ঘোষণা দেন। সে লক্ষ্য বাস্তবায়নে ইয়াকারিনোকে দায়িত্ব দেয়া হয়। তবে একাধিক বিতর্কের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ও বিজ্ঞাপনের আয়ে নেতিবাচক প্রভাব পড়ে। এর দায় ঘাড়ে নিতে হয় ইয়াকারিনোকে।
২০২৩ সালের শেষ দিকে এক অনুষ্ঠানে মাস্ক সরাসরি বিজ্ঞাপনদাতাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। ফলে একাধিক বড় বিজ্ঞাপনদাতা এক্স থেকে সরে যায়। তখন ইয়াকারিনো বিভিন্ন মাধ্যমে প্রতিষ্ঠানটির অবস্থান ব্যাখ্যা করেন।
গার্ডিয়ান বলছে, সম্প্রতি এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোক বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হয়। এ ঘটনা প্রকাশ পাওয়ার একদিন পরই ইয়াকারিনো পদত্যাগ করেন। অন্যদিকে মাস্ক নিজেও সম্প্রতি বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা, নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা, টেসলার গাড়ি বিক্রি কমে যাওয়া ও স্পেসএক্সের স্টারশিপ উৎক্ষেপণে একাধিকবার ব্যর্থতার কারণে তার ব্যবসায়িক সুনাম ও প্রতিষ্ঠানগুলোর পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ হয়েছে।










