চ্যাট লক ফিচারে নতুন সুবিধা যুক্ত করেছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। সম্প্রতি এক ঘোষণায় সিক্রেট কোড ফিচার চালুর কথা জানানো হয়েছে। সংবেদনশীল কথোপকথনের সুরক্ষায় এটি অতিরিক্ত নিরাপত্তা স্তর হিসেবে কাজ করবে। খবর এনগ্যাজেট।
সিক্রেট কোড ফিচারের সহায়তায় হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীরা কথোপকথনের সুরক্ষায় আলাদা পাসওয়ার্ড তৈরি করতে পারবে। সেলফোনে থাকা পাসওয়ার্ড প্রটেকশনের বাইরে আলাদাভাবে এটি সেট করা যাবে। এছাড়া ব্যবহাকারীরা লক করা কথোপকথন চ্যাট লিস্ট থেকে আড়াল করতে পারবে। ফলে চাইলেই যে কেউ কারো ব্যক্তিগত কথোপকথন প্রবেশ করতে পারবে না। আড়াল করা ফোল্ডারে প্রবেশ করার জন্য সার্চ বারে সিক্রেট কোড ব্যবহার করতে হবে।
নতুন ফিচারের পাশাপাশি নির্দিষ্ট কোনো চ্যাট বা কথোপকথন সুরক্ষিত করার পদ্ধতিও সহজ করেছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। এখন কোনো কথোপকথন সুরক্ষিত করার জন্য সেটিংসে প্রবেশ করতে হবে না। লিস্ট থেকে কথোপকথনের ওপর লম্বা সময় চেপে ধরে রাখার মাধ্যমে লক করার অপশন পাওয়া যাবে। সিক্রেট কোড ফিচারটি এখনো প্রাথমিক পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কোম্পানির তথ্যানুযায়ী, কয়েক মাসের মধ্যে ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করে দেয়া হবে।










