অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি পাসকি ফিচার উন্মোচন করেছে ইমো। এ ফিচারের মাধ্যমে সর্বোচ্চ মানসম্পন্ন ও নিরাপদ সুরক্ষিত ব্যবস্থা নিশ্চিত সম্ভব হবে, যা ইমো ব্যবহারকারীদের ফেস বা মুখ, আঙুলের ছাপ ও পিন ব্যবহার করে অ্যাকাউন্ট আনলক করার সুবিধা দেবে।
পাসকি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পাসওয়ার্ড ছাড়াই অ্যাপে লগ ইন করতে পারবে। সহজ, দ্রুত ও আরো সুরক্ষিত উপায়ে অ্যাপ ব্যবহার করার ক্ষেত্র তৈরির মাধ্যমে নিরবচ্ছিন্ন অথেনটিকেশন প্রক্রিয়ার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে ইমোর পাসকি ফিচার। ইমোতে লগ ইন করার সময় ব্যবহারকারীরা ফিচারটির মাধ্যমে বায়োমেট্রিক তথ্য ব্যবহার করতে পারবে। এ তথ্য অ্যাপের লগ ইন সার্ভিস জানতে পারবে না; যা নিশ্চিত করবে ব্যবহারকারীর গোপনীয়তা ও লগ ইন প্রক্রিয়াকে করে তুলবে আরো সহজ।
অত্যাধুনিক অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তির ফলে অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইট ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্ক্যামের ক্ষেত্রে ব্যবহারকারীরা পাসকি সংশ্লিষ্ট প্রতারণার থেকে সুরক্ষিত থাকতে পারবে। পাসকি ফিচার ব্যবহারের মাধ্যমে শুধু লগ ইন প্রক্রিয়া ঝামেলাবিহীনই হবে না, পাশাপাশি লগ ইনের ক্ষেত্রে সেকেন্ডারি অথেনটিকেশনের প্রয়োজনীয়তাও দূর হবে। এছাড়া এ ফিচার নিরবচ্ছিন্ন যোগাযোগ প্রক্রিয়ার নতুন মাত্রা যুক্ত করবে বলে দাবি প্লাটফর্মটির। ইমো মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, ‘ইমোর লক্ষ্য ব্যবহার উপযোগিতা ও নিরাপত্তা, এ দুই ক্ষেত্রেই নতুন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর যোগাযোগ অভিজ্ঞতা সমৃদ্ধ করা। আমাদের প্লাটফর্মে একদম নতুন পাসকিজ ভ্যারিফিকেশন ফিচার নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এটি ব্যবহার করা একদম সহজ, ঝামেলাহীন ও নিরাপদ।’










