গেম প্রকাশকদের জন্য নতুন পরিষেবা চালু করেছে অ্যামাজন ক্লাউড বিভাগ। এর মাধ্যমে অনলাইনে গেম স্ট্রিমিং করা যাবে। গত সপ্তাহ থেকে এ সেবা চালু করেছে ই-কমার্স প্লাটফর্মটি। খবর সিএনবিসি।
অ্যামাজন জানিয়েছে, গেমলিফট স্ট্রিমস নামে পরিষেবাটি ওয়েবআরটিসি স্ট্যান্ডার্ড সমর্থন করে, যা স্মার্ট টিভি, ফোন, ট্যাবলেট ও পিসির মতো ডিভাইসগুলোয় গেম স্ট্রিমিংয়ের সুযোগ দেবে। এর মধ্যে স্মার্ট টিভি, ফোন, ট্যাবলেট ও পিসি রয়েছে। পরিষেবাটি মূলত গেম ডেভেলপারদের জন্য তৈরি করা হয়েছে।
অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) ইমারসিভ টেকনোলজিস বিভাগের জেনারেল ম্যানেজার ক্রিস লি বলেন, ‘অনেক এএএ (বড় বাজেটের গেম) গেম সেবা ব্যবহার করছে। ইলেকট্রনিক আর্টস ও টেক-টু ইন্টারঅ্যাক্টিভের মতো কয়েকটি সংস্থা গেমের মানোন্নয়নে গেমগুলোয় প্রচুর বিনিয়োগ করে।’
এডব্লিউএস বিশ্বব্যাপী ডাটা সেন্টারের মাধ্যমে গ্রাহককে সার্ভার ও স্টোরেজ স্পেস ভাড়া দিয়ে বড় অংকের আয় করে। তবে এটি শুধু ক্লাউড স্টোরেজেই সীমাবদ্ধ নয়। সফটওয়্যার ডেভেলপারদের জন্য শতাধিক সেবা চালু করেছে সংস্থাটি।
গেম ডেভেলপার জ্যাকবক্স গেমস তাদের জনপ্রিয় গেমকুইপ্লাশ ও ফিব্যাজের জন্য গেমলিফট স্ট্রিমস ব্যবহার করবে। জ্যাকবক্সের গেমগুলো বর্তমানে অগ্রিম মূল্য পরিশোধ করে পাওয়া যায়। জ্যাকবক্সের গেমগুলো বর্তমানে অগ্রিম ফি দিয়ে পাওয়া যায়।
জ্যাকবক্স গেমসের প্রযুক্তি প্রধান ইভান জ্যাকোভার জানান, তাদের প্রতিষ্ঠান স্ট্রিমিং প্রযুক্তি নিজেদের জন্য তৈরি করতে চেয়েছিল। তবে অ্যামাজনের নতুন পরিষেবার কথা জানার পর তারা গেমলিফট স্ট্রিমস ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, ‘এটি জ্যাকবক্স গেমসের মূল দক্ষতার অংশ নয়। আমরা স্ট্রিমিং প্রযুক্তির একটি পরীক্ষামূলক সংস্করণ তৈরি করেছিলাম। কিন্তু এটি কার্যকরভাবে কাজ করছিল না।’
জ্যাকবক্স গেমস এ বছরের প্রথমার্ধেই তাদের স্ট্রিমিং পরিষেবা চালু করতে চায়। তারা স্ট্রিমিংয়ে সাবস্ক্রিপশন সুবিধা চালুরও পরিকল্পনা করছে। যেহেতু তাদের গেমগুলো গ্র্যাফিকসের ওপর বেশি নির্ভরশীল নয়। তাই গেম স্ট্রিমিংয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা কম।
গেমলিফট স্ট্রিমস ১০৮০পি রেজল্যুশনে প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেম স্ট্রিমিং সমর্থন করে। অ্যামাজনের ক্রিস লি বলেন, ‘আমরা গ্রাহকের সঙ্গে আলোচনা করেছি। এটি তাদের আদর্শ স্ট্রিমিং মান।’
তবে মাইক্রোসফটের এক্সবক্স সিরিজ এক্স ও সনির প্লেস্টেশন ৫ প্রো ৪কে রেজল্যুশন ও ১২০ ফ্রেম প্রতি সেকেন্ড পর্যন্ত পারফরম্যান্স দিতে পারে, যা আরো উন্নত মানের অভিজ্ঞতা দেয়। তবে আধুনিক গেমিং কনসোলের দাম অনেক বেশি।










