ক্রোমবুকের জন্য স্বয়ংক্রিয় সফটওয়্যার আপডেটের সময়সীমা বাড়িয়েছে গুগল। এর পরিপ্রেক্ষিতে এখন থেকে ডিভাইসগুলোতে ১০ বছরের জন্য আপডেট দেয়া হবে। দীর্ঘমেয়াদে ডিভাইসগুলো ব্যবহারের জন্য এ আপডেট সহায়তা করবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। খবর টেকক্রাঞ্চ।

এক বিবৃতিতে কোম্পানি জানায়, ২০২১ সালে যেসব ক্রোমবুক বাজারে আনা হয়েছে আগামী বছর থেকে সেগুলোর ব্যবহারকারীরা ১০ বছরের জন্য সফটওয়্যার আপডেট পাবে। তবে যাদের ক্রোমবুক ২০২১ সালের আগে উন্মোচন করা হয়েছিল সেগুলোকে ১০ বছরের আপডেট সুবিধায় যুক্ত করতে হলে প্লাটফর্ম রিলিজ থেকে বাড়িয়ে নিতে হবে।

গুগল প্লাটফর্মের সংজ্ঞা কিছুটা জটিল। কোম্পানির বিবৃতি অনুযায়ী, প্লাটফর্ম হলো মূলত বেশকিছু উপাদানের সমন্বয়, যেগুলো একত্রে কাজ করে। ক্রোমবুকের জন্য উৎপাদনকারীরা এটি নির্ধারণ করে। মূলত ক্রোমবুকের জন্য যেসব আপডেট আনা হয় সেগুলো যেন ভালোভাবে কাজ করে সেজন্য এ প্লাটফর্ম। এখানে বিভিন্ন সফটওয়্যারের পরীক্ষাও চালানো হয়।

২০২০ সালে নতুন ক্রোমবুকে আট বছরের জন্য সফটওয়্যার আপডেট দেয়ার ঘোষণা দিয়েছিল। প্লাটফর্ম রিলিজ ডেটের সঙ্গে ১০ বছরের জন্য আপডেটের যে ঘোষণা দেয়া হয়েছে তা পুরনো কিছু ক্রোমবুকে দীর্ঘ সময়ের জন্য সফটওয়্যার আপডেট দেবে। ক্রোমবুকের ব্যাটারি হেলথের উন্নয়নে কোম্পানি অ্যাডাপ্টিভ চার্জিং ও ব্যাটারি সেভার ফিচার আনার কথা জানিয়েছে। এছাড়া কোম্পানিটি টেকনিশিয়ান ও রিপেয়ার সেন্টারের জন্য একটি আপডেট আনছে। এর মাধ্যমে ফিজিক্যাল ইউএসবি কি ছাড়াই ক্রোমবুক সহজে মেরামত করা যাবে।