ডেল বাজারে এনেছে নিজেদের প্রথম ইয়ারবাডস ‘প্রো প্লাস’। নতুন ডিভাইসটির বিশেষত্ব হলো এটি ক্লাউডের মাধ্যমে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা যাবে। ডেলের প্রো প্লাস ইয়ারবাডসের দাম ২২০ ডলার (প্রায় ২৭ হাজার টাকা), যা অ্যাপলের সর্বশেষ এয়ারপডস মডেলের চেয়ে কিছুটা বেশি। খবর দ্য রেজিস্টার।

ক্লাউডের মাধ্যমে নিয়ন্ত্রণ বলতে বোঝানো হয়েছে ব্যবহারকারী ইন্টারনেটের মাধ্যমে যেকোনো স্থানে থেকে ইয়ারবাডসের সেটিংস পরিবর্তন করতে, সফটওয়্যার হালনাগাদ করতে বা অন্যান্য ফিচার ব্যবহার করতে পারবেন। সরাসরি ডিভাইসের কাছে না গিয়ে অনলাইন টুলের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের এয়ারপডসের মতো ডেলের নতুন ইয়ারবাডসেও আছে সক্রিয় নয়েজ ক্যান্সেলেশন, ট্রান্সপারেন্সি মোড (চারপাশের শব্দ শোনার সুযোগ রাখে) এবং অ্যাডাপ্টিভ অডিও (নির্দিষ্ট মাত্রার শব্দ ব্লক করে পরিবেশের সঙ্গে সংযোগ বজায় রাখে)। এতে রয়েছে টাচ কন্ট্রোল, চার্জিং কেস ও চারটি ভিন্ন আকারের ইয়ার টিপ। ইয়ারবাডগুলো ব্লুটুথের মাধ্যমে সংযোগ করতে হয়। সঙ্গে রয়েছে ইউএসবি-সি অডিও রিসিভার, যা পিসিতেও ব্যবহার করা যায়।

সার্বিকভাবে, ডেলের ইয়ারবাডসের ফিচারগুলো বাজারে থাকা অন্যান্য ইয়ারবাডসের মতোই।

ডেলের এ ইয়ারবাডসের দুটি বড় সুবিধা আছে। প্রথমত, এগুলো মাইক্রোসফট টিমস ওপেন অফিস সার্টিফিকেশন পেয়েছে, অর্থাৎ কল চলাকালীন অফিসের অন্যদের কথা শোনা যাবে না এবং কেবল ব্যবহারকারীর কণ্ঠই পৌঁছাবে। দ্বিতীয়ত, এগুলো জুমের অনুমোদনও পেয়েছে, যা ভিডিও ও অডিও কলের জন্য আরো একটি বড় সুবিধা।

আরেকটি সুবিধা হলো ক্রেতারা ডেল ডিভাইস ম্যানেজমেন্ট কনসোল (ডিডিএমসি) নামে একটি ক্লাউড টুল ব্যবহার করতে পারেন। টুলটি দিয়ে তারা ইয়ারবাডস কনফিগার করতে, সফটওয়্যার (ফার্মওয়্যার) আপডেট করতে এবং একসঙ্গে একাধিক ডিভাইস পরিচালনা করতে পারেন।

মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ডেল মূলত কম্পিউটার, ল্যাপটপ, নেটওয়ার্কিং হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরির জন্য পরিচিত একটি নাম। অ্যাপল, এইচপি, লেনোভোর মতো কোম্পানিগুলো এরই মধ্যে ইয়ারবাডস বা ওয়্যারলেস হেডফোন বাজারে এনেছে। ল্যাপটপ বা কম্পিউটার ব্র্যান্ডগুলো এখন শুধু কম্পিউটার নয়, হেডফোন ও ইয়ারবাডসের মতো অ্যাকসেসরিজের বাজারেও প্রবেশ করছে। বিশেষ করে অফিস ও গেমিং ব্যবহারকারীদের জন্য।