টেলিযোগাযোগ খাতে ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দিতে নতুন রূপে মাইবিএল অ্যাপ উন্মোচন করেছে বাংলালিংক। ডিজিটাল সেবার পরিসর বাড়াতেই এ উদ্যোগ। 

গ্রাহককে সেলফ কেয়ার সার্ভিসের পাশাপাশি এখন বিনোদন, কনটেন্ট, স্বাস্থ্যসেবা, গেমিং, শিক্ষা, টিকিট বুকিং ও বিল পরিশোধসহ বিভিন্ন সুবিধা দেবে এ ডিজিটাল প্লাটফর্ম।

নানা উদ্ভাবনী ডিজিটাল সেবা দিয়ে মাইবিএল সুপার-অ্যাপ ডিজিটাল মার্কেটপ্লেস হিসেবে কাজ করছে। এটি ব্যালান্স রিচার্জের মতো সেবা দেয়ার পাশাপাশি বিনোদনের মাধ্যম হিসেবেও গ্রহণযোগ্যতা অর্জন করেছে বলে দাবি কোম্পানিটির। দেশীয় মিউজিক স্ট্রিমের সবচেয়ে বড় সংগ্রহ রয়েছে অ্যাপটিতে। জনপ্রিয় অনেক মোবাইল গেমও রয়েছে এতে।

মাইবিএল ব্যবহারকারীরা যেকোনো সময় যেকোনো স্থান থেকে সহজেই তাদের ইউটিলিটি বিল জমা দিতে পারেন, বুক করতে পারেন ভ্রমণের টিকিটও। এছাড়া মাইবিএল সুপার অ্যাপে রয়েছে বিভিন্ন ধরনের কোর্স, যেগুলোর মাধ্যমে গ্রাহক নিজেদের সুবিধামতো বিভিন্ন বিষয় শিখতে পারছেন। স্বাস্থ্যসেবাবিষয়ক সমাধান চাইছেন এমন গ্রাহকের জন্য এখানে রয়েছে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের প্রত্যয়িত অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের সুবিধা। 

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘মাইবিএল সুপার অ্যাপের মাধ্যমে আমরা টেলিকম খাতে প্রথম এ ধরনের সেবা নিয়ে এসেছি। এটি বাংলাদেশের মানুষের ডিজিটাল অভিজ্ঞতা আরো উন্নত করার ক্ষেত্রে একটি মাইলফলক, যা আমাদের ও সরকারের লক্ষ্যের সঙ্গেও সংগতিপূর্ণ। সুপার-অ্যাপটি চার কোটির বেশি বাংলালিংক গ্রাহককে বিল পরিশোধ বা প্যাক কেনার সুবিধা দেয়ার পাশাপাশি সহজেই অডিও, ভিডিও, গেমস এবং শিক্ষামূলক ও স্বাস্থ্যবিষয়ক বিভিনন্ন সেবা গ্রহণের সুযোগ দিচ্ছে।’

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ‘দেশব্যাপী গ্রাহকের নানা ধরনের চাহিদা পূরণে মাইবিএল সুপার অ্যাপটি ডিজাইন করা হয়েছে। বাংলালিংকের ডিজিটাল অপারেটরভিত্তিক কৌশলের অংশ হিসাবে আমরা গ্রাহককে একটি ডিজিটাল প্লাটফর্মের আওতায় সব ধরনের সেবা প্রদান করছি।’