একাধিক ‘এআই এজেন্ট’ পণ্যের মাধ্যমে আয় বাড়ানোর পরিকল্পনা করছে চ্যাটজিপিটির প্যারেন্ট কোম্পানি ওপেনএআই। প্রতিষ্ঠানটি মনে করছে, ভবিষ্যতে নিজেদের ব্যবসা সম্প্রসারণের মূল চালিকাশক্তি হবে এসব নতুন প্রযুক্তি। বিশেষ ধরনের এআই এজেন্ট ব্যবহার করতে মাসে ২০ হাজার ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ২৩ লাখ টাকা) পর্যন্ত ফি দিতে হতে পারে। কোম্পানির এক সূত্রের বরাতে সম্প্রতি এ তথ্য জানিয়েছে দ্য ইনফরমেশন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
এআই এজেন্ট পণ্য কীভাবে কাজ করবে বা কবে বাজারে আসবে, সে সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত ব্যবহার নিশ্চিত করতে নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে বলে জানা গেছে। প্রযুক্তিবিদরা বলছেন, এজেন্টগুলো ব্যবহারকারীদের জন্য বিভিন্ন জটিল কাজ সহজ করে দেবে, যেমন ডাটা বিশ্লেষণ, গবেষণা এমনকি ব্যক্তিগত সহায়তা। দ্য ইনফরমেশনের তথ্যানুযায়ী, ওপেনএআই বিশেষ ধরনের দুটি এজেন্ট বিক্রির পরিকল্পনা করছে। এগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং গবেষণা সংক্রান্ত কাজে ব্যবহার হবে। সবচেয়ে দামি এ এজেন্ট পিএইচডি স্তরের গবেষণা সম্পাদন করবে বলে দাবি কোম্পানির।
প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ আয়ের জ্ঞানভিত্তিক কর্মীদের এজেন্ট হিসেবে ব্যবহারের জন্য মাসে ২ হাজার ডলার খরচ হতে পারে। এছাড়া সফটওয়্যার ডেভেলপারদের জন্য তৈরি আরেকটি এজেন্টের মাসিক সাবস্ক্রিপশন ফি হতে পারে ১০ হাজার ডলার।
এআই এজেন্টভিত্তিক টুলগুলো কবে বাজারে আনা হবে, তা স্পষ্ট করে জানায়নি ওপেনএআই। তবে দ্য ইনফরমেশন বলছে, ওপেনএআইয়ের বিনিয়োগকারী সফটব্যাংক চলতি বছর শুধু এজেন্ট পণ্যের জন্য কোম্পানিতে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে। এটিকে ওপেনএআইয়ের জন্য একটি বড় আর্থিক সহায়তা হিসেবে দেখা হচ্ছে।










