নিরাপত্তা ত্রুটির কারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোয় সাইবার হামলা হয়ে থাকে। এ ধরনের একটি দুর্বলতার কারণে বিশ্বের কয়েকশ কোটি কম্পিউটার ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন গুগলের গবেষকরা। খবর সাইবারস্কুপ।
ডাউনফল নামের এ নিরাপত্তা ত্রুটি ইনটেল প্রসেসরে এমন উপায়ে আক্রমণ চালাতে পারে যা বিভিন্ন পাসওয়ার্ড, এনক্রিপশন কি ও ব্যক্তিগত তথ্য চুরিতে হ্যাকারদের সুযোগ করে দেয়। চলতি সপ্তাহে সমস্যাটি খুঁজে বের করে এ বিষয়ে জানিয়েছেন গুগলের জ্যেষ্ঠ গবেষক ড্যানিয়েল মঘিমি।
চিপসংশ্লিষ্ট এ সমস্যার কথা ইন্টেলকেও জানিয়েছেন তিনি।এর পরই এটি সমাধানে আপডেট এনেছে কোম্পানিটি। তবে এরই মধ্যে কয়েকশ কোটি ব্যক্তিগত ও ক্লাউড কম্পিউটার এতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকার কথা জানিয়েছে গুগল। গবেষকরা জানান, অন্য কেউ এ ত্রুটি খুঁজে পেলে অর্থের বিনিময়ে বিভিন্ন আক্রমণকারীদের হামলা চালানোর সুযোগ করে দিত।
হার্ডওয়্যার আক্রমণ থেকে সফটওয়্যারকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে তৈরি ব্যবস্থা ভেঙে ফেলার মাধ্যমে এটি কাজ করে। এমনটি করতে গিয়ে সিস্টেমে থাকা অন্য ব্যবহারকারীর ডাটাও খুঁজে পেতে পারে আক্রমণকারী।
চিপের গতি বাড়ানোর প্রক্রিয়ায় থাকা প্রযুক্তিগত দুর্বলতার সুযোগ নিয়ে এমন আক্রমণ হতে পারে। আক্রমণকারী সেসব দুর্বলতা কাজে লাগিয়ে বিভিন্ন এমন স্পর্শকাতর তথ্যও হাতিয়ে নিতে পারে, যা কেবল সিস্টেমের মালিকের কাছেই থাকার কথা।
আক্রমণের বৈশিষ্ট্য হচ্ছে, এতে আক্রমণ চালানো ব্যক্তির প্রসেসরে হ্যাকারের উপস্থিতি থাকতে হবে। তবে সেটা সম্ভব কেবল ম্যালওয়্যার বা ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষমতা দেয়—এমন শেয়ার করা কম্পিউটিং মডেল ব্যবহারের মাধ্যমে।










