গত জুলাইয়ে বিশ্বজুড়ে প্রযুক্তি বিভ্রাটের ঘটনায় অবহেলা ও চুক্তি লঙ্ঘনের অভিযোগে সাইবার নিরাপত্তা প্রযুক্তিবিষয়ক কোম্পানি ক্রাউডস্ট্রাইকের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইনস। খবর টেকটাইমস।

গত ১৯ জুলাই আইটি বিভ্রাটের ওই ঘটনায় টেক জায়ান্ট মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত অনেক কম্পিউটার ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ইন্টারনেটনির্ভর ব্যবসা ও সেবা খাত বেশ ক্ষতির সম্মুখীন হয়। পর্যায়ক্রমে অসংখ্য ফ্লাইট বাতিল হতে থাকে। ওই সময় একাধিক আন্তর্জাতিক প্রতিবেদন জানায়, ক্রাউডস্ট্রাইকের হালনাগাদে একটি বাগের কারণে এ সমস্যা সৃষ্টি হয়। এতে অনেকেই কম্পিউটার চালু করলে নীল পর্দায় ত্রুটির বার্তা দেখতে পান, যা ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ নামে পরিচিত।

সাইবারসিকিউরিটি বিশেষজ্ঞরা এ বিভ্রাটকে ‘অবিস্মরণীয়’ বলে উল্লেখ করেন। কারণ এর প্রভাব অনেক বিস্তৃত ছিল। এটি শুধু একটি নির্দিষ্ট এলাকার কয়েকটি ব্যবসা ও সেবাকে প্রভাবিত করেনি, বরং বিশ্বের কিছু বৃহত্তম কোম্পানিকেও ক্ষতিগ্রস্ত করেছে।

ডেল্টার মামলায় দাবি করা হয়েছে, ক্রাউডস্ট্রাইকের পরীক্ষা না করা আপডেটটি সারা বিশ্বের লাখ লাখ পিসির কার্যক্রম ব্যাহত করেছে। যদিও ক্রাউডস্ট্রাইক এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, প্রকৃত সমস্যা ডেল্টার পুরনো আইটি সিস্টেমগুলোয় রয়েছে।

ক্রাউডস্ট্রাইকের একজন মুখপাত্র সিএনবিসিকে বলেছেন, ‘ডেল্টার দাবিগুলো মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে করা। আধুনিক সাইবার নিরাপত্তা কীভাবে কাজ করে, সে সম্পর্কে ডেল্টার খুব বেশি ধারণা নেই। মূলত পুরনো প্রযুক্তির কারণে তাদের সমস্যা সমাধান ধীরগতিতে হয়েছে, আর এর জন্য ক্রাউডস্ট্রাইককে দায়ী করার চেষ্টা করছে ডেল্টা।’

তবে ডেল্টা বলছে, ক্রাউডস্ট্রাইক যদি ত্রুটিপূর্ণ আপডেটটি একটি কম্পিউটারে পরীক্ষা করত, তাহলে এ সমস্যাগুলো এড়ানো যেত। এছাড়া এ বিভ্রাটের কারণে ডেল্টার গ্রাহকদের জন্য উল্লেখযোগ্য বিলম্ব সৃষ্টি করে।

অবশ্য ১৯ জুলাই বিভ্রাটের এক সপ্তাহ পর ৯৭ শতাংশ উইন্ডোজ কম্পিউটারে সমস্যাটির সমাধান করা হয়।