যুক্তরাষ্ট্রের একটি তথ্যপ্রযুক্তি কোম্পানিতে সাইবার হামলা চালিয়েছে উত্তর কোরিয়ার একদল হ্যাকার। সাইবার বিশেষজ্ঞদের মতে, হ্যাকারদের আসল উদ্দেশ্য ছিল কোম্পানিকে ব্যবহার করে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি কোম্পানিতে হামলা চালানো ও কারেন্সি হাতিয়ে নেয়া। খবর রয়টার্স ও টেকরাডার।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জুনের শেষে কলোরাডোর লুইজভিলভিত্তিক কোম্পানি জাম্পক্লাউডের সিস্টেমে প্রবেশ করে হ্যাকাররা কোম্পানির প্রায় পাঁচটি গ্রাহককে শিকার বানানোর চেষ্টা চালায়। জাম্পক্লাউড এক ব্লগ পোস্টে ওই ঘটনার কথা প্রকাশ করেছে। তবে আক্রান্ত গ্রাহক কোম্পানিগুলোর নাম জানানো হয়নি। ক্রিপ্টো মুদ্রা হাতিয়ে নেয়াই যে হ্যাকারদের লক্ষ্য ছিল, জাম্পক্লাউডের পাশাপাশি তাদের সাইবার নিরাপত্তাবিষয়ক সহযোগী কোম্পানি ক্রাউডস্ট্রাইকও তা নিশ্চিত করেছে।
জাম্পক্লাউডের একটি গ্রাহক কোম্পানিকে সেবা দেয়া গুগল মালিকানাধীন মান্ডিয়ান্টও একই কথা বলেছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি জানায়, যেগুলো আসলে ক্রিপ্টো কোম্পানি সেগুলোয় টার্গেটে পরিণত করেছেন হ্যাকাররা।
মার্কিন কোম্পানি সেনটেনিয়েলওয়ানে কর্মরত টম হেগেল বলেন, ‘আমার মতে, উত্তর কোরিয়ার নজর এখন বড় শিকারের দিকে।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশনের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগেও ডিজিটাল অর্থ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। তবে পিয়ংইয়ং কখনই তা স্বীকার করেনি।
জাম্পক্লাউডে সাইবার হামলা চালিয়েছিল ল্যাবিরিন্থ চোলাইমা নামের একটি হ্যাকার দল, যাদের বিরুদ্ধে উত্তর কোরিয়ার সরকারের হয়ে বিভিন্ন সাইবার অপরাধে যুক্ত হওয়ার অভিযোগ রয়েছে। মান্ডিয়ান্ট বলছে, উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা রিকনাইসেন্স জেনারেল ব্যুরোর হাত রয়েছে ওই হামলার পেছনে।










