ফেসবুকে এখন থেকে আপলোড করা সব ভিডিও দেখা যাবে রিল হিসেবে। ব্যবহারকারীদের জন্য ভিডিও পোস্ট করার অভিজ্ঞতা আরো সহজ করতে ও প্ল্যাটফর্মে ভিডিও ব্যবহারে সমন্বয় আনতে এ পরিবর্তন এনেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। খবর রয়টার্স।
মেটার পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, এখন থেকে ভিডিও আপলোডের সময় আর আলাদাভাবে ভিডিও বা রিল নির্বাচন করতে হবে না। সব ধরনের ভিডিও— ছোট, বড়, এমনকি আগে ধারণ করা ভিডিওগুলোও স্বয়ংক্রিয়ভাবে রিল হিসেবে প্রকাশ পাবে। তবে লাইভ ভিডিও এ নিয়মের বাইরে থাকবে। এগুলো আগের মতো নির্দিষ্ট পদ্ধতি মেনে আপলোড করতে হবে। যদিও তা রিলস ফিডেও দেখা যেতে পারে।
মেটা আরো জানিয়েছে, রিল এখন আর দৈর্ঘ্য বা ভিডিওর ফরম্যাট অনুযায়ী সীমাবদ্ধ নয়। ফলে ব্যবহারকারীরা যেকোনো ধরনের ভিডিও রিল হিসেবে প্রকাশ করতে পারবে। এর মাধ্যমে আলাদা করে ফিড ভিডিও ও রিলসের জন্য ভিন্ন টুল ব্যবহারের প্রয়োজন পড়বে না।
রিল আপলোডের সময় ব্যবহারকারীরা এখন একসঙ্গে আরো বেশি টুল ব্যবহার করতে পারবে। একই সঙ্গে কে এসব ভিডিও দেখতে পারবে, তা নিয়েও থাকবে ব্যবহারকারীদের স্পষ্ট নিয়ন্ত্রণ।
এছাড়া ভিডিও ট্যাবের নাম পরিবর্তন করে এখন রিল রাখা হয়েছে। মেটা জানিয়েছে, বর্তমানে ফেসবুক অ্যাপে সবচেয়ে বেশি সময় কাটে রিল দেখায়। তাই এই পরিবর্তনের মাধ্যমে রিলকেই ফেসবুকের প্রধান ভিডিও ফরম্যাট হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তারা।
প্রসঙ্গত, টিকটকের ভিডিওর সর্বোচ্চ দৈর্ঘ্য এখন ৬০ মিনিট। সেই হিসাবে মেটার এমন সিদ্ধান্তকে রিলের ভবিষ্যৎ প্রসারে একটি বড় পদক্ষেপ বলেই মনে করছেন বিশ্লেষকেরা।










