কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল চ্যাটজিপিটির মূল কোম্পানি ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান স্যাম অল্টম্যানকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। 

কোম্পানি পরিচালনা বোর্ডের বরাতে রয়টার্সের খবরে বলা হয়, ওপেনএআই পরিচালনায় অল্টম্যানের ওপর আর ভরসা করতে পারছে না বোর্ড। যে কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এক বিবৃতিতে ওপেনএআই জানায়, অভ্যন্তরীণ এক তদন্তে দেখা গেছে, অল্টম্যান পরিচালনা বোর্ডের সঙ্গে সবসময় বিশ্বাসযোগ্য অবস্থায় ছিলেন না।

বোর্ডের স্বাধীন তদন্তের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তদন্তে দেখা গেছে, বোর্ডের সঙ্গে তার যোগাযোগ সংগতিপূর্ণ ছিল না, যেটি কোম্পানির সক্ষমতাকে বাধাগ্রস্ত করেছে। ফলে ওপেনএআইয়ের নেতৃত্বে তার ওপর বোর্ড আর ভরসা করতে পারছে না।

৩৮ বছর বয়সী অল্টম্যান ওপেনএআই প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। তাকে সরিয়ে দেয়ার পর কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মিরা মুরাতিকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বও দেয়া হয়েছে। কোম্পানির নেতৃত্বে পরবর্তী কাউকে নিয়োগ না দেয়া পর্যন্ত তিনি দেখভাল করবেন। অব্যাহতি পাওয়ার পর অল্টম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ওপেনএআইয়ে কাটানো সময়গুলোকে তিনি ভালোবাসেন।

তিনি বলেন, ‘আমার কাছে এটি পরিবর্তনমূলক ছিল, আশা করছি সেটি কিছুটা বিশ্বের জন্য হলেও। সর্বোপরি আমি এমন প্রতিভাবানদের সঙ্গে কাজ করতে পছন্দ করি।’

২০০৫ সালে যাত্রা করে ওপেনএআই। ২০১৯ সালে এটি পুনর্গঠন করা হয়। কোম্পানিতে অল্টম্যানের অবদানে কৃতজ্ঞতা প্রকাশ করে ওপেনএআই বলছে, বোর্ড সদস্যরা মনে করছেন, এখন নতুন নেতৃত্ব প্রয়োজন। স্যাম অল্টম্যানকে অব্যাহতির বিষয়টি এআই সেক্টরে বেশ নাড়া দিয়েছে। বিষয়টি অনেকে মেনে নিতে পারছেন না। তাকে সরানোর প্রতিবাদে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ওপেনএআইয়ের প্রেসিডেন্ট এবং সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানও।