বৈশ্বিক পর্যায়ের গেমিং প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি দল পাঠাতে চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। গেমিং প্লাটফর্ম মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাংয়ের (এমএলবিবি) সঙ্গে যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সম্প্রতি গুলশানে অবস্থিত বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের কনভেনশন হলে এমএলবিবি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের (এমবিসি) গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। শিরোপা জিতে নেয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই করে সেরা দুই দল এমএলটি সিআর ও ওরিয়েন্টাল ফিনিক্স।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডের এ গ্র্যান্ড ফিনালেতে নিজেদের আসন নিশ্চিতে জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় ১ হাজার ২৪ জন বাংলাদেশী গেমারের ১২৮টি দল বিভিন্ন ধাপে লড়াই করেছে। প্রথম রাউন্ডে শিরোপা জিতেছে ওরিয়েন্টাল ফিনিক্স। সেরা আটটি টিমের মাঝে ১ হাজার ডলারের প্রাইজমানি ভাগ করে দেয়া হয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের ১৬ জন সদস্য নেপালে অনুষ্ঠেয় পরবর্তী রাউন্ডে অংশ নেবেন। 

২০১৮ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা এমএলবিবি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তরুণ গেমারদের জন্য বেশ আকর্ষণীয় একটি আয়োজন। বাংলাদেশ টিমকে ওই আসরে পৌঁছে দেয়ার লক্ষ্যে এটি প্রথম প্রচেষ্টা। বাংলাদেশের তরুণ প্রজন্ম ও ই-স্পোর্টসের উন্নতিতে কাজ করার অংশ হিসেবে এ আয়োজনে অংশ নেয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স।