গুগল লেন্স এখন শুধু অনলাইনেই নয়, দোকানের কেনাকাটায়ও সাহায্য করবে। পরিষেবাটির নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারী দোকানের পণ্যের দাম, স্টক ও অন্য দোকানে একই পণ্য কম দামে পাওয়া যায় কিনা তা জানতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।

গুগল বলছে, ভিজুয়াল সার্চ টুল লেন্স ব্যবহার করে ব্যবহারকারী কোনো পণ্যের ছবি তুলে সেই পণ্য সম্পর্কে রিভিউ, স্থানীয় স্টকের তথ্য ও দাম তুলনা করতে পারবেন। যেমন টার্গেট স্টোরে একটি খেলনা দেখলে লেন্স দিয়ে ছবি তুলে সেটির রিভিউ, স্টক ও আশপাশের অন্য দোকানে কম দামে পাওয়া যায় কিনা তা দেখা যাবে। ফিচারটি গুগলের ‘শপিং গ্রাফ’ থেকে তথ্য সংগ্রহ করে। এতে ৪ হাজার ৫০০ কোটির বেশি পণ্যের তালিকা রয়েছে।

নতুন এ ফিচার বিউটি প্রডাক্ট, খেলনা ও ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে টার্গেট, আল্টা বিউটি, মেসিস, নর্ডস্ট্রমের মতো দোকানে প্রথম পর্যায়ে চালু হবে। এছাড়া গুগল ম্যাপেও নতুন শপিং ফিচার যোগ করা হচ্ছে, যা নির্দিষ্ট পণ্যের জন্য নিকটবর্তী দোকান খুঁজে দেবে।

গুগলের ভোক্তা শপিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট লিলিয়ান রিনকন জানিয়েছেন, গুগল লেন্সের নতুন ফিচারের মাধ্যমে দোকানে কেনাকাটা আরো সহজ হয়ে উঠবে। এআই ব্যবহার করে এ টুল ক্রেতাদের সিদ্ধান্ত নেয়ার কাজে সাহায্য করবে। বিশেষ করে ছুটির মৌসুমে দোকানে কেনাকাটা করার অভিজ্ঞতা আরো ভালো করতে ফিচারটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ক্রেতারা পণ্যের রিভিউ, দাম তুলনা ও বিস্তারিত তথ্য সহজেই পাবেন।

তিনি জানান, একই সঙ্গে গুগল ম্যাপেও নতুন ফিচার যুক্ত হচ্ছে, যা দিয়ে দোকানে কোনো নির্দিষ্ট পণ্য পাওয়া যাচ্ছে কিনা তা খুঁজে দেখা যাবে।

গুগল লেন্সের নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে।