তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিশ্বজুড়ে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা ঘটছে। এর মধ্যে বিভিন্ন যন্ত্রাংশ ও তথ্য চুরি, ডিজিটাল ও শিল্প খাতে নজরদারি এবং নাশকতাও রয়েছে। এসব কারণে ২০২৩ সালে জার্মানির ২০ হাজার ৬০০ কোটি ইউরো বা ২২ হাজার ৪০০ কোটি ডলার ক্ষতি হবে।

জার্মানির ডিজিটাল অ্যাসোসিয়েশন বিটকমের বরাতে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য উঠে এসেছে। এক হাজারের বেশি কোম্পানিকে নিয়ে জরিপ পরিচালনা করেছে বিটকম। তথ্যানুযায়ী, এ নিয়ে টানা তিন বছরের মতো ক্ষয়ক্ষতির হার ২০ হাজার কোটি ইউরো ছাড়াবে।

বিটকমের প্রেসিডেন্ট রাল্ফ উইন্টারগার্স্ট বলেন, ‘অপরাধী ও শত্রু দেশগুলোর কাছে জার্মান অর্থনীতি খুবই আকর্ষণীয়। এছাড়া সংগঠিত অপরাধ চক্র ও রাষ্ট্রায়ত্ত হামলাকারীদের মধ্যকার সম্পর্কও পরিষ্কার নয়।’

জরিপে অংশ নেয়া কোম্পানিগুলোর প্রায় এক-তৃতীয়াংশ গত ১২ মাসে সাইবার হামলার শিকার হয়েছে বলে জানা গেছে, যা আগের বছরের ৮৪ শতাংশ কোম্পানির তুলনায় কম। উইন্টারগার্স্ট বলেন, ‘এ বছর ক্ষতিগ্রস্ত হওয়া কোম্পানির সংখ্যা কমে যাওয়ার বিষয়টি ইতিবাচক। এর মাধ্যমে একটি বিষয় পরিষ্কার যে বর্তমানে হামলা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

সাইবার হামলা কি ব্যবসার অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ এমন প্রশ্নের জবাবে প্রথমবারের মতো অর্ধেকের বেশি বা ৫২ শতাংশ প্রতিষ্ঠান স্বীকারোক্তি দিয়েছে। জরিপের তথ্যানুযায়ী এক বছর আগে ৪৫ শতাংশ ও দুই বছর আগে ৯ শতাংশ প্রতিষ্ঠান এমন বিবৃতি দিয়েছিল।