আগামী মাস থেকে আবারো কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করছে চিপ নির্মাতা ইন্টেল। জুলাইয়ে ইন্টেল ফাউন্ড্রি বিভাগের ১৫-২০ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে। কোম্পানির অভ্যন্তরীণ এক কার্যবিবরণীর বরাতে মার্কিন সংবাদমাধ্যম দি অরেগনিয়ান এ তথ্য জানিয়েছে। খবর টেকক্রাঞ্চ।

ইন্টেল ফাউন্ড্রি বিভাগটি অন্যান্য প্রতিষ্ঠানের জন্য সেমিকন্ডাক্টর চিপ ডিজাইন, তৈরি ও প্যাকেজিংয়ের কাজ করে। তবে ছাঁটাইয়ে কতজন কর্মী সরাসরি প্রভাবিত হবেন, তা এখনো স্পষ্ট নয়। ইন্টেলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে ইন্টেলের মোট কর্মী সংখ্যা ছিল ১ লাখ ৮ হাজার ৯০০।

বিশ্লেষকদের মতে, এ খবর খুব একটা অপ্রত্যাশিত নয়। গত মার্চে ইন্টেলের নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লিপ-বু টান। এরপর থেকেই কোম্পানির কাঠামো পরিবর্তন, মূল ব্যবসায়িক ইউনিটে মনোনিবেশ ও প্রকৌশলভিত্তিক কৌশলে ফেরার কথা বলছেন তিনি। লিপ-বু টান জানান, প্রকৌশলীদের আরো সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করে দক্ষ হতে চায় ইন্টেল।

এর আগে গত বছর আগস্টে ইন্টেল প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাই করেছিল, যা ছিল কোম্পানির মোট জনবলের প্রায় ১৫ শতাংশ।

চিপ নির্মাতাটি জানায়, ইন্টেলের ৫৬ বছরের ইতিহাসে সবচেয়ে বড় লোকসান হয় গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর)। এ লোকসানের অন্যতম একটি কারণ ছিল কোম্পানির পুনর্গঠনে আগস্টে ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। তখন থেকেই ইন্টেল নতুন করে বড় পরিসরের ছাঁটাই কার্যক্রম শুরু করেছে।