আগামী বছর গ্যালাক্সি জেড ফ্লিপ সিরিজের পরবর্তী মডেল জেড ফ্লিপ সেভেন উন্মোচনের পরিকল্পনা করছে টেক জায়ান্ট স্যামসাং। এর সঙ্গে ক্ল্যামশেল-স্টাইলের আরো একটি ফোল্ডেবল স্মার্টফোনও থাকবে বলে জানিয়েছেন এক সাপ্লাই চেইন বিশ্লেষক। মডেলটি জেড ফ্লিপ সিরিজের সঙ্গে যুক্ত হবে ও এটি ফ্ল্যাগশিপ ফোল্ডেবল লাইনআপে সাশ্রয়ী বিকল্প হিসেবে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টসের (ডিএসসিসি) বিশ্লেষক রস ইয়াং গত মঙ্গলবার এক্সে জানিয়েছেন, স্যামসাং একটি বাজেট ফ্রেন্ডলি ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনতে পারে, যার নাম হতে পারে গ্যালাক্সি জেড ফ্লিপ সেভেন এফই। আশা করা হচ্ছে, স্মার্টফোনটি ২০২৫ সালে স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ডিভাইসগুলোর অংশ হিসেবে উন্মোচন করা হবে। তিনি আরো জানিয়েছেন, ক্ল্যামশেল-স্টাইলের নতুন ফোল্ডেবল ফোনটিতে ফ্ল্যাগশিপ মডেলের মতোই ডিসপ্লে থাকবে, তবে ক্যামেরা ও প্রসেসরে ভিন্নতা থাকতে পারে। খরচ কম রাখতে বাজেট ফ্রেন্ডলি এ ফোল্ডেবল ফোনে তুলনামূলক কম শক্তিশালী অভ্যন্তরীণ হার্ডওয়্যার ব্যবহার হতে পারে। তবে এ ফোনের স্পেসিফিকেশন এখনো প্রকাশ করেনি কোম্পানিটি।
এদিকে স্যামসাং ফোল্ডেবল ফোনের সাশ্রয়ী সংস্করণ আনছে কিনা এ নিয়ে বেশ মতবিরোধ চলছে প্রযুক্তি দুনিয়ায়। এর আগে চলতি মাসের শুরুতে গ্যাজেটস থ্রিসিক্সটির প্রতিবেদনে বলা হয়, স্যামসাং নিজেদের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফ্লিপের সাশ্রয়ী দামের একটি মডেল বাজারে আনার পরিকল্পনা করছে। নতুন ফোনটির নাম হতে পারে গ্যালাক্সি জেড ফ্লিপ এফই। এর পরই প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড সেন্ট্রাল জানায়, বর্তমানে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপের সাশ্রয়ী দামের মডেল তৈরি করছে না। বরং প্রতিষ্ঠানটি ফ্ল্যাগশিপ মডেলগুলোয় অফার দেয়ার দিকে মনোযোগ দিচ্ছে। স্যামসাংয়ের সর্বশেষ ফোল্ডেবল ফোন হচ্ছে গ্যালাক্সি জেড ফোল্ড সিক্স ও গ্যালাক্সি জেড ফ্লিপ সিক্স, যেগুলো প্রতিষ্ঠানটির ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে উন্মোচন করা হয়।










