গত মাসে ওপেন বেটা পরীক্ষার পর দ্য ব্রাউজার কোম্পানির নতুন সার্চ ইঞ্জিন ‘আর্ক’ এখন সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। সার্চ করার সবচেয়ে দ্রুততম উপায় ও গুগল ক্রোমের একটি শক্তিশালী বিকল্প হিসেবে ব্রাউজারটি বাজারে আত্মপ্রকাশ করেছে বলে দাবি কোম্পানিটির। খবর দ্য ভার্জ।
কোম্পানি সূত্র বলছে, আর্কে বিজ্ঞাপন ব্লক করার সুবিধা রয়েছে। এছাড়া ব্রাউজারে ‘ব্রাউজ ফর মি’ নামে একটি বিশেষ এআই ফিচারও রয়েছে, যা সার্চ রেজাল্টের সারাংশ তুলে ধরে। ফলে ব্যবহারকারী দ্রুত প্রয়োজনীয় তথ্য পেয়ে যান।
দ্য ব্রাউজার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জশ মিলার গত সেপ্টেম্বরে আর্ককে ‘ল্যাপটপ-ফার্স্ট সার্চ ইঞ্জিন’ হিসেবে বর্ণনা করেছিলেন। এটি মূলত ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছিল। কারণ ব্রাউজারটি বড় পর্দা ও ডেস্কটপ ইউজারের জন্য বেশি উপযোগী। তবে এখন কোম্পানিটি মোবাইল ব্যবহারকারীদের দিকে মনোযোগ বাড়িয়ে দিয়েছে ও অ্যান্ড্রয়েডের জন্য নতুন সব ফিচার চালু করেছে। কোম্পানিটির ভাষ্য, আর্ক এখন ব্যবহারকারীদের আরো পরিমার্জিত ও স্মার্ট সার্চ অভিজ্ঞতা দিতে অ্যান্ড্রয়েড ডিভাইসে কার্যকর ও ব্যবহারবান্ধব ফিচার যুক্ত করেছে।
কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এক লাখের বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আর্কের বেটা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
ব্রাইজারসংশ্লিষ্টদের দাবি, বেটা টেস্টের সময় ব্যবহারকারীদের যেসব সমস্যায় সবচেয়ে বেশি ভোগান্তি হয়েছিল, সেগুলোর সমাধান করা হয়েছে। ফলে এখন অ্যান্ড্রয়েড ১২-এর পূর্ণ সমর্থনসহ ব্রাউজারটি একটি ভয়েস সার্চ ফিচার, ল্যান্ডস্কেপ মোড ও আরো পরিষ্কার একটি ইনকগনিটো মোড সরবরাহ করছে। কোম্পানিটি আর্ককে শুধু ম্যাকভিত্তিক ডেক্সটপ ব্রাউজার হিসেবে প্রকাশ করেছিল। এরপর চলতি বছর জানুয়ারিতে আইওএস ডিভাইসের জন্য একটি মোবাইল সংস্করণ লঞ্চ করা হয়। এপ্রিলে আর্ক উইন্ডোজ প্লাটফর্মের জন্যও উন্মুক্ত করা হয়।
আর্কের আইওএস সংস্করণে একটি ‘কল আর্ক’ ফিচার রয়েছে। এটি জেমিনি লাইভের মতোই কথোপকথনের মাধ্যমে দ্রুত প্রশ্নের উত্তর দিতে সহায়ক। টুলটি ব্যবহারের জন্য আর্ক সার্চ ওপেন করে ফোনটি ব্যবহারকারীর কান পর্যন্ত তুললেই এটি সক্রিয় হয়ে যায়। তবে অ্যান্ড্রয়েডে ফিচারটি এখনো পুরোপুরি চালু হয়নি।










