সেলফোনে কথা বলার সময় রাস্তার আওয়াজ, নির্মাণাধীন ভবন বা আশপাশের অনাকাঙ্ক্ষিত কোলাহল বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আর এর সমাধান নিয়ে এসেছে তাৎক্ষণিক যোগাযোগের জনপ্রিয় অ্যাপ ইমো। এর উদ্ভাবনী জিরো নয়েজ ফিচার অ্যাপের অডিও ও ভিডিও কলের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত এসব কোলাহল ফিল্টার করবে।
ফিচারটি এরই মধ্যে সবার জন্য উন্মোচন করা হয়েছে। এর আগে ফিচারটির বেটা সংস্করণ ব্যবহার করেছেন কিছু ব্যবহারকারী। ইমোতে অডিও ও ভিডিও কল শুরুর পর আশপাশের পরিবেশ বা কলের অন্য পাশে উচ্চশব্দ বা কোলাহল থাকলে জিরো নয়েজ ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। এ সময় জিরো নয়েজ মোড অ্যাক্টিভেটেড নোটিফিকেশন আসবে। ব্যবহারকারীরা খুব সহজেই ফিচারটি অডিও বা ভিডিও কলের ইন্টারফেস থেকে ম্যানুয়ালি চালু ও বন্ধ করা যাবে।
ইমোর গবেষণার তথ্যানুযায়ী, মূলধারার মেসেজিং অ্যাপ্লিকেশনে ৬২ শতাংশ অনাকাঙ্ক্ষিত কোলাহল থাকে। এর মধ্যে ২০ শতাংশ থাকে উচ্চশব্দ, যা কলের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলে।










