চলচ্চিত্রের দৃশ্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে হ্যাকিংয়ের ঘটনা দেখানো হয়ে থাকে। বাস্তব জীবনে ল্যাপটপ, কম্পিউটার থেকে সাইবার হামলা চালানো হয়। তবে এবার শুধু টেলিভিশনের রিমোট দিয়ে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যে এ ঘটনার সূত্রপাত। দেশটির এক হোটেল থেকে আরপিজি ঘরানার ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ গেমের ভিডিও ফাঁস করা হয়েছে। খবর বিবিসি।

গেমের ভিডিও চুরির জন্য হ্যাকারের দরকার ছিল অ্যামাজনের ফায়ার টিভির রিমোট, স্মার্টফোন, কি-বোর্ড ও একটি মাউস।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, আরিওন কুরতাজ নামের ওই হ্যাকার সাইবার অপরাধী দল ল্যাপসাসের সদস্য ছিলেন। এর আগে চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়ার সিস্টেম হ্যাকিংয়ের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। 

জিটিএ ৬ গেমের নির্মাতা রকস্টার গেমসের সিস্টেমে ঢুকে কোম্পানির স্ল্যাক নামের চ্যানেলে নিজেকে আক্রমণকারী হিসেবে ঘোষণা দেন ১৮ বছর বয়সী ওই হ্যাকার। 

কুরতাজ ধরা পড়েন দলের অন্য হ্যাকাররা তাকে দল থেকে বের করে দেয়ার পর। হ্যাকাররা তার ও তার পুরো পরিবারের তথ্য অনলাইনে ছড়িয়ে দেয়। ফলে নিরাপত্তায় হুমকি দেখা দিলে ট্রাভেলজ হোটেলে তাকে রেখেছিলেন দেশটির সরকারি কর্মকর্তারা। হোটেলে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেয়া না হলেও চেষ্টা যে সফল হয়নি তার প্রমাণ মিলেছে। ফায়ার টিভির রিমোট ব্যবহার করে ইন্টারনেটে প্রবেশ করেন তিনি। এরপর ভিডিও ফাঁস করেন।